বিচার বিভাগকে স্বাধীন বলা হচ্ছে, অথচ তাদের বাজেট স্বাধীনভাবে তৈরি করতে দেওয়া হচ্ছে না। বিচার বিভাগকে অর্থনৈতিকভাবেও স্বাধীন করতে হবে।গতকাল শনিবার ‘আইন ও বিচারব্যবস্থায় বাজেট বরাদ্দ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) প্রতিষ্ঠানের মিলনায়তনে ওই সভার আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় একের পর এক এলিট বাহিনী বানাচ্ছে, কিন্তু তাতে কি আইনের শাসন আসবে?’ তিনি আরও বলেন, জনগণের কাছে বিচার-প্রক্রিয়া সুলভ করতে হবে। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন, যেখানে বিচারিক প্রক্রিয়া গতিশীল হবে। মানুষ যদি সুবিচার পায়, তাহলেই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।সভার সভাপতি ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আইন মন্ত্রণালয়ের জন্য বাজেট বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম। তবে শুধু বরাদ্দ বাড়ালেই চলবে না, সেই অর্থ যথাযথ ব্যবহারের জন্য মন্ত্রণালয়ের কাঠামো বিন্যাসও গুরুত্বপূর্ণ। কারণ, সঠিক পরিকল্পনা না থাকলে বরাদ্দকৃত অর্থের সুফল প্রকৃত ভুক্তভোগীদের কাছে পৌঁছাবে না।’সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ্দীন মালিক বলেন, ‘আমাদের বিচার বিভাগ বিচারকাজ পরিচালনার ক্ষেত্রে স্বাধীন, কিন্তু প্রশাসনিক দিক থেকে নয়। সব অর্থে স্বাধীন বিচার বিভাগের জন্য প্রশাসনিক দায়িত্ব তাদের নিজের হাতে তুলে দিতে হবে, আইন মন্ত্রণালয়ের মুখাপেক্ষী থাকলে চলবে না।’সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগী অধ্যাপক তুরীন আফরোজ। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উদ্বোধনী বক্তব্য দেন।গবেষণায় বলা হয়, আইন মন্ত্রণালয়ে ২০০৯-১০ অর্থবছরে ৪৫৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, যা মোট বাজেটের মাত্র শূন্য দশমিক ৪১ শতাংশ। অথচ এ মন্ত্রণালয় তার বার্ষিক বরাদ্দের কয়েক গুণ বেশি রাজস্ব আয় করে। আইন মন্ত্রণালয়ের গড় আয় তাদের ব্যয়ের চেয়ে ৮৪০ শতাংশ বেশি। তার পরও এই মন্ত্রণালয়ে বরাদ্দ তুলনামূলক বাড়ছে না।উন্নয়ন বাজেটের অর্থ অব্যবহূত থাকা এবং অনুন্নয়ন বাজেটের অতিরিক্ত খরচ করাও এই মন্ত্রণালয়ের একটি প্রবণতা। অথচ ২০০৯-১০ অর্থবছরে উন্নয়ন বাজেটের বরাদ্দ বাড়িয়ে দিয়ে অনুন্নয়ন বাজেট বরাদ্দ ২০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। ওই অর্থবছরে উন্নয়ন বাজেটের মাত্র ২২ দশমিক ৪১ শতাংশ ব্যবহূত হয়। বিপরীতে অনুন্নয়ন বাজেটে ব্যয় হয় ১৩৫ দশমিক ৪৮ শতাংশ অর্থ। গত ১০ বছরে অনুন্নয়ন বাজেটের গড় ব্যয়ের হার ১০২ দশমিক ৫৯ শতাংশ।গবেষণায় আরও উল্লেখ করা হয়, সরকারের জননিরাপত্তা (পাবলিক অর্ডার অ্যান্ড সেফটি) সংক্রান্ত খাতের অধীনে আইন মন্ত্রণালয় ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে। ১০ বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত কয়েক বছরে জননিরাপত্তা সরকারের অন্যতম ব্যয়ের খাত হলেও এর অধীনে আইন ও বিচার বিভাগের গুরুত্ব কমছে। ২০০৯-১০ অর্থবছরে জননিরাপত্তা খাতের মাত্র ৭ দশমিক ১২ শতাংশ অর্থ আইন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছিল।