বিচার বিভাগের স্বাধীনতা না থাকলে মানবাধিকার লঙ্ঘন বন্ধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যারিস্টার রফিক-উল হক অভিযোগ করেছেন, মানবাধিকারের রক্ষক উচ্চ আদালতেই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিচারের রায় বিশ্লেষণ করলে এই চিত্রই পাওয়া যাবে। আর গণমাধ্যম ও বিচার বিভাগের যদি স্বাধীনতা না থাকে তবে মানবাধিকার লঙ্ঘনও বন্ধ হবে না। গতকাল সোমবার ‘মানবাধিকার লঙ্ঘন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিকেলে ‘হিউম্যান রাইটস অ্যাডভোকেসি কাউন্সিল’ এই সেমিনারের আয়োজন করে।ব্যারিস্টার রফিক-উল হক বলেন, ‘আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সামরিক শাসন বন্ধ হবে না। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে। এমন পরিবেশ তৈরি করতে হবে যেন কেউ সামরিক শাসনের কথা চিন্তাও করতে না পারে।’ সেমিনারে বিশেষ অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার র‌্যাবের ক্রসফায়ার ও পুলিশি হেফাজতে মৃত্যু বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও তা রক্ষার কোনো লক্ষণ নেই। স্বাধীনতার ৪০ বছর পরও মানবাধিকার লঙ্ঘনের ছবি দেখতে হচ্ছে। দেশে এখন কোনো সংবিধান নেই। এ সরকার সংবিধান তছনছ করেছে বলে অভিযোগ করেন তিনি।আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাংবাদিক অলিউল্লাহ নোমান প্রমুখ। সেমিনারের শুরুতে আয়োজক সংগঠন প্রযোজিত ‘আওয়ামী দুঃশাসনের দুই বছর: লঙ্ঘিত মানবাধিকার’ শীর্ষক এক তথ্যচিত্র দেখানো হয়।