বিচারক জাবেদ কারাগারে
গ্রেপ্তার হওয়া বিচারক জাবেদ ইমামকে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বিচারক জাবেদকে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি ভোলা আদালতের সহকারী জজ ছিলেন। গত শনিবার রাতে ইডেন কলেজের সামনে থেকে একটি মাইক্রোবাসে ৩৪২ বোতল ফেনসিডিলসহ নিউমার্কেট থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি পিস্তল জব্দ করা হয়। গ্রেপ্তারের পর জাবেদ সাংবাদিকদের বলেছিলেন, যশোর থেকে ফেনসিডিল নিয়ে তিনি মাইক্রোবাস চালিয়ে ঢাকায় আসেন লিংকন নামের এক ব্যক্তির কাছে ফেনসিডিল দেওয়ার জন্য।জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ফেনসিডিল বহনের কথা স্বীকার করায় বিচারক জাবেদের বিরুদ্ধে রিমাণ্ডের আবেদন করা হয়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিচারক জাবেদ যশোর থেকে ফেনসিডিল মাইক্রোবাসে ঢাকায় বিক্রি করতে এসেছিলেন। তবে তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলটি লাইসেন্স করা ছিল।২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর পাশ করে ২০০৮ সালে সহকারী জজ হিসাবে চাকরি শুরু করেন জাবেদ। সমপ্রতি যশোর থেকে তাঁকে ভোলায় বদলি করা হয়। গতকাল আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলা আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে। এজন্য মন্ত্রণালয় সুপ্রীমকোর্টে পরামর্শ চেয়ে প্রস্তাব পাঠিয়েছে। সুপ্রিমকোর্টে পাঠানো ওই প্রস্তাবে বলা হয়, একজন বিচার বিভাগীয় কর্মকর্তার এ ধরনের অনৈতিক কার্যকলাপ গুরুতর অসদাচরণের শামিল। এ ছাড়াও কোনো সরকারি কর্মচারী গ্রেপ্তার হলে তিনি সঙ্গে সঙ্গে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন বলে গণ্য হওয়ার বিধান আছে। এই পরিপ্রেক্ষিতে সরকার জাবেদ ইমামকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরসহ সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।