রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দুটি মামলার একটির (হত্যা মামলা) বিচারকাজ বন্ধ আছে। বিস্ফোরক দ্রব্য আইনে করা অপর মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। গতকাল রোববার আরও একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তিনি হচ্ছেন রমনা থানার তত্কালীন উপপরিদর্শক আনোয়ার হোসেন। এ নিয়ে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ৩৪ জন সাক্ষ্য দিলেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এর বিচারক কানিজ আকতার নাসরিনা খানম এই মামলাটির পরবর্তী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আগামী বৃহস্পতিবার।আদালতসূত্রে জানা যায়, রমনার বটমূলে বোমা হামলা মামলা দুটি দ্রুত বিচার নিষ্পত্তির জন্য গত বছরের ১ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। গত বছরের ১৬ এপ্রিল মহানগর দায়রা জজ আদালত দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং দুটি মামলায় কয়েকজন সাক্ষীর জবানবন্দীও গ্রহণ করা হয়। পরবর্তীকালে মহানগর দায়রা জজ হতে মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ ও ৩ নম্বরে পাঠানো হয়। এই মামলা দুটির সাক্ষ্য-প্রমাণ একই বিষয়বস্তু হওয়ায় দুটি মামলা একই আদালতে বিচার করার জন্য আবেদন করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর তত্কালীন বিচারক মাসদার হোসেন। এই আবেদনের পর মাসদার হোসেন অন্যত্র বদলি হয়ে গেলে তাঁর আদালতে বিচারাধীন হত্যা মামলাটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। তাঁর স্থলে নতুন বিচারক নিয়োগ না হওয়ায় গত দুই মাসেরও অধিক সময় ধরে হত্যা মামলাটিসহ ওই আদালতের সব মামলার কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে রমনা বটমূলের হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় সাক্ষ্য গ্রহণের সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান, মাওলানা আবু তাহের, মাওলানা আবদুর রউফ, আরিফ হাসান ও শাহাদাত হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি মাওলানা আকবর হোসাইনও আদালতে হাজির ছিলেন।২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও অন্তত ১১ জন মারাত্মক আহত হন। এ-সংক্রান্ত দুটি মামলায়ই মুফতি হান্নানসহ হুজির ১৪ জঙ্গিকে আসামি করা হয়। আসামিদের মধ্যে বিগত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ আটজন পলাতক রয়েছেন।