বিচারকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পদের হিসাব প্রকাশের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিদের ব্যক্তিগত সম্পদ ও দায়দেনার হিসাব বিবরণী জনসমক্ষে প্রকাশ করে দৃষ্টান্ত স্থাপন করার দাবি জানিয়েছে নাগরিক সংগঠন সিটিজেনস রাইটস মুভমেন্ট। সাংবিধানিক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি ও তাঁদের পোষ্যদের প্রতিও একই আহ্বান জানিয়েছে এই সংগঠনটি।গতকাল রোববার হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাঁ ময়দানের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটি এ আহ্বান জানায়। মানববন্ধনে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, টেলিকমিউনিকেশন, রেগুলেটরি কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যসহ সরকারি পর্যায়ের সব গুরুত্বপূর্ণ নির্বাহী কর্মকর্তাদের ব্যক্তিগত ও তাঁদের পোষ্যদের সম্পদ এবং দায়দেনার হিসাব বিবরণী প্রকাশেরও দাবি জানানো হয়। একই সঙ্গে সব মন্ত্রণালয়ের সচিব, সেনা, নৌ, বিমানবাহিনীর প্রধানসহ পুলিশ বিভাগ, বিডিআর, কর ও ভ্যাট বিভাগ, রাজস্ব বিভাগ এবং তাদের অধীন প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের সম্পদ ও দায়দেনার হিসাব প্রকাশ এবং সাংবিধানিক পদমর্যাদায় অধিষ্ঠিত সব ব্যক্তিকে তাঁর ও পোষ্যদের সম্পদ এবং দায়দেনার হিসাব বিবরণী জনসম্মুখে প্রকাশের ব্যবস্থা সাংবিধানিক বাধ্যবাধকতায় নিয়ে আসার দাবি জানানো হয়। সিটিজেনস রাইটস মুভমেন্টের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মফিজুল হকের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের মহাসচিব তুসার রেহমান, পানিবিজ্ঞানী মো. এনামুল হক, গবেষক সালেহ আহমেদ, সেবার নির্বাহী পরিচালক মো. নুরুদ্দিন প্রমুখ এ সময় বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।