বিচারকাজ ঝুলে আছে ছয় বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিম ভাজতে না পারার অপরাধে ২০০২ সালে ধানমন্ডির একটি বাসায় কাজের বুয়া মাসুদাকে হত্যা করেন গৃহকর্ত্রী। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৪ সালের ২০ মে মামলার কার্যক্রম স্থগিত করে সরকারের প্রতি রুল জারি করেন এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রথমে তিন মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। এরপর চার বছর পার হয়ে গেলেও রুল নিষ্পত্তির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ঘটনায় ২০০২ সালে পুলিশ বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলার আসামিরা হচ্ছেন গৃহকর্ত্রী ইশরাত জাহান, তাঁর স্বামী গিয়াস উদ্দিন ভূঁইয়া ও গাড়িচালক আলী মোস্তফা। আসামিরা সবাই জামিনে আছেন। মামলার বিবরণে জানা যায়, ইশরাত জাহান তাঁর গৃহপরিচারিকা মাসুদাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর আসামি ইশরাত জাহান গরম ইস্তিরি দিয়ে মাসুদার শরীরে ছ্যাঁকা দেন। এতে তাঁর নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। ওই অবস্থায় তাঁকে বাথরুমে নিয়ে ফেলে রাখা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। লাশ গুম করার জন্য গাড়িচালক আলী মোস্তফাকে দিয়ে তিনি চুন ও সোডা আনেন। চুন ও সোডা মাসুদার সারা শরীরে মেখে একটি চটের বস্তায় ভরে গাজীপুরের হালডোবা নামে গজারিবনে ফেলে আসেন। এ কাজে ইশরাতকে সহায়তা করেন তাঁর স্বামী গিয়াস উদ্দিন ভূঁইয়া ও আলী।আসামি যেভাবে ধরা পড়েন: মাসুদার লাশ গুম করার জন্য ধানমন্ডির বাসা থেকে গাজীপুর যাওয়ার সময় চালক ট্রাফিক সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে চলে যান। এতে পুলিশের সন্দেহ হয়। পুলিশ গাড়ির নম্বরের সূত্র ধরে বাসায় যান। গাড়ির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গৃহকর্ত্রী পুলিশকে জানান, তাঁর স্বামী গিয়াস উদ্দিন ভূঁইয়া চালক আলীকে নিয়ে জরুরি কাজে বাইরে গেছেন। বাসায় দুর্গন্ধ অনুসরণ করে পুলিশ বাথরুমের দিকে গিয়ে রক্তমাখা কাপড়-চোপড় দেখতে পায়। বাসায় থাকা দুই কাজের মেয়ে পুলিশের জেরার মুখে এ সময় সব ফাঁস করে দেয়। এ ঘটনায় ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জাকিউর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত করে ২০০৩ সালের ২৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া বলেন, ‘ট্রাইব্যুনালে পাঠানো ৩২টি মামলার ১৯টিতেই উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। পাঁচ-ছয় বছর আগে এগুলো স্থগিত করা হয়। আদালতের কর্মচারীরা আমাদের কাছে মামলার নথিগুলো না দেওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’