আইনজীবীদের চারটি সংগঠন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সম্পর্কে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বক্তব্য ১৫ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যথায় আইনগতসহ সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ওই চার সংগঠনের নেতারা। গতকাল বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদভুক্ত চারটি আইনজীবী সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, গণতান্ত্রিক আইনজীবী সমিতি ও জাতীয় আইনজীবী পরিষদ ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।এতে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার বলেন, ১৫ দিনের মধ্যে বিরোধীদলীয় নেত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থাসহ সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিচারপতি এ বি এম খায়রুল হক বঙ্গবন্ধু হত্যা মামলা, পঞ্চম সংশোধনী মামলা, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি, স্বাধীনতার ঘোষক-সংক্রান্ত মামলাসহ অনেক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন। ওই রায়গুলো প্রশ্নবিদ্ধ করতে বিরোধীদলীয় নেত্রী প্রতিহিংসাবশত বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্যে শুধু খায়রুল হক নন, সম্পূর্ণ বিচার বিভাগের প্রতি অসম্মান জানানো হয়েছে।আওয়ামী লীগের সাংসদ ও আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নুরুল ইসলাম সুজন চিকিৎসার জন্য বিচারপতিদের অর্থ দেওয়ার প্রক্রিয়া তুলে ধরে বলেন, সরকার স্বাভাবিক নিয়মে অর্থ বরাদ্দ দেয়। বিচারপতি খায়রুল হকই শুধু চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ নেননি। আরও ৩১ জন বিচারপতিও নিয়েছেন।নুরুল ইসলাম সুজন বলেন, বিচারপতি খায়রুল হক অর্থ নিয়ে রায় দিয়েছেন বলে বিরোধীদলীয় নেত্রী যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণভাবে আদালত অবমাননাকর। কেউ আইনের ঊর্ধ্বে নন। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধীদলীয় নেত্রীকে জবাবদিহির মধ্যে আনতে হবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন, সাবেক বিচারপতি মুনসুরুল হক চৌধুরী, সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম, শেখ আখতারুল ইসলাম, লায়েকুজ্জামান মোল্লা প্রমুখ বক্তব্য দেন। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মুরাদ রেজা, আইনজীবী আজহারুল্লাহ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।বিচারপতি মুনসুরুল হক চৌধুরী বলেন, বিরোধীদলীয় নেত্রীর উক্তি স্বাধীন বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপ। আইনজীবীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতি এ ধরনের বক্তব্য তাঁর কাছ থেকে আশা করে না। বিচার বিভাগ মানুষের শেষ আশা-ভরসার আশ্রয়স্থল। এটা ধ্বংস হয়ে গেলে আইনের শাসন ও গণতন্ত্র ব্যাহত হবে।