বিচারপতি দেবেশ ভট্টাচার্য ছিলেন আইনের দার্শনিক: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্যকে আইনের দার্শনিক হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য ছিলেন একজন মহান ব্যক্তি। বড় মাপের দার্শনিক। বিচারপতি হিসেবে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি দিয়েছেন, সেই পর্যায়ে যেতে একটি জেনারেশন লাগবে।
গত বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট বার ভবনের শক্তিধর রহমান মিলনায়তনে বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্যের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান বিচারপতি এ কথা বলেন।
বিচারপতি দেবেশ ভট্টাচার্যের দেওয়া উল্লেখযোগ্য রায়ের সিদ্ধান্ত তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, শাহজাহান বনাম স্টেট মামলার রায় যখন দিয়েছিলেন তখন তিনি ছিলেন একজন নবীন বিচারক। তাঁর রায়ের সিদ্ধান্তগুলো দিকনির্দেশনা হয়ে আছে। আইনের সব শাখায় ছিল তাঁর অবাধ বিচরণ। প্রধান বিচারপতি আরও বলেন, ‘ওনার রায়গুলো পর্যালোচনা করে আমার মনে হয়েছে, উনি নিজেই একটি পূর্ণাঙ্গ কোড।’
স্মৃতিচারণা করে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সংবিধানের অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্মের বিধান সংযোজনের পরে ১০ জন নাগরিকের পক্ষ থেকে হাইকোর্টে যে মামলা করা হয়, তার আবেদনকারীদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেন, বিচারপতি কে এম সোবহান, বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্যের সঙ্গে আনিসুজ্জামানও ছিলেন। ১৯৯২ সালের গণ-আদালতের বিচারকদের মধ্যে দেবেশ ভট্টাচার্যও ছিলেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “রায়ের মধ্য দিয়ে বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য আমাদের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। উনি নিজ হাতে নিজের ইতিহাস লিখে গেছেন।”
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেবেশ চন্দ্র ভট্টাচার্য ছিলেন সংবেদনশীল ও অনেক উঁচু দরের মানুষ। মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর ভূমিকা অসাধারণ।
অনুষ্ঠানে দেবেশ ভট্টাচার্যের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী আমিরুল ইসলাম, মাহমুদুল ইসলাম, এ এফ হাসান আরিফ, রোকন উদ্দিন মাহমুদ ও সিপিডির নির্বাহী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বিচারপতি দেবেশ ভট্টাচার্যের ছেলে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।