বিচারপতিকে নিয়ে সংসদে দেওয়া বক্তব্যে আইনজীবীদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে নিয়ে সংসদে দেওয়া বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শতাধিক আইনজীবী। গতকাল বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে তাঁরা বলেছেন, বিশ্বের গণতান্ত্রিক রীতি হচ্ছে, সংসদে বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা করা যায় না। দেশের জনগণ আশা করে, জাতীয় সংসদ গণতান্ত্রিক আচরণ ও রীতিনীতি অনুসরণ করে সংবিধানে বর্ণিত ক্ষমতার পৃথক্করণ নিশ্চিত করবে। কিন্তু কয়েকজন সাংসদের এ ধরনের আচরণ নিঃসন্দেহে দুঃখজনক। বিবৃতিতে বলা হয়, সাংসদেরা তাঁদের আচরণ ও বক্তব্য দিয়ে রাষ্ট্রের দুটি স্বাধীন অঙ্গ জাতীয় সংসদ ও বিচার বিভাগকে মুখোমুখি করে ফেলেছে। সংসদে দাঁড়িয়ে বিচার বিভাগকে হেয় করে সাংসদদের এ ধরনের বক্তব্য জনমনে বিচার বিভাগ সম্পর্কে আস্থাহীনতা সৃষ্টি করবে, যা দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে। এটা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। দেশ ও জনগণের কল্যাণে সংসদসহ দেশের সব প্রতিষ্ঠান সংবিধান অনুসারে কাজ করবে বলে তাঁরা আশা করেন। এদিকে গতকাল দুপুরে সমিতির দক্ষিণ হলে সুপ্রিম কোর্ট সম্মিলিত আইনজীবীবৃন্দ ব্যানারে ‘বিচার বিভাগের স্বাধীনতার ওপর কোনো হস্তক্ষেপ নয়’ শিরোনামে আলোচনা সভা হয়। সভায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর সমালোচনা করে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানানো হয়।