বিচারপতির বিরুদ্ধে কাউন্সিল গঠন আদেশ প্রত্যাহারের দাবি
হাইকোর্টের বিচারপতি মো. মিজানুর রহমান ভূঁঞার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানানো হয়। সভায় সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, বিচারপতি মিজানুর রহমানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আদেশ অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। এই সভা ইতিমধ্যে যেসব বিচারপতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানাচ্ছে। সভা থেকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। সভায় মওদুদ আহমদ বলেন, একজন কর্মরত বিচারপতির বিরুদ্ধে কিছু অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে বিচার করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। সভায় আইনজীবী জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, আবদুর রাজ্জাক, নিতাই রায় চৌধুরী, সাবেক সম্পাদক এম বদরুদ্দোজা, তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।