বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্রীয় সন্ত্রাস, অবিলম্বে তা বন্ধের দাবি
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ আখ্যা দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। জোটের নেতারা বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের নির্বাচনী অঙ্গীকার করলেও ক্ষমতায় এসে সরকার তা মানছে না।গতকাল সোমবার বাম মোর্চার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। সভায় নেতারা বলেন, কোনো ধরনের বিচারিক পদ্ধতি অনুসরণ না করে ক্রসফায়ারের গল্প ফেঁদে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, কোনো আধুনিক সভ্য ও গণতান্ত্রিক দেশ তা অনুমোদন করতে পারে না। দেশে সংবিধান, নির্বাচিত সংসদ ও স্বাধীন বিচারব্যবস্থা থাকার পরও এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এসব কাজ সরকারের কথিত আইনের শাসনকে প্রহসনে পরিণত করছে।সভায় অবিলম্বে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, এসব হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার দাবি করা হয়। এসব ঘটনায় উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণও করেন নেতারা।মোর্চার সমন্বয়ক টিপু বিশ্বাসের সভাপতিত্বে সাইফুল হক, রাজেকুজ্জামান রতন, হামিদুল হক, মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।