বিচারিক হাকিম ও র‌্যাবের পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখ্য বিচারিক হাকিম, শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস), র‌্যাবের মেজরসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার ভোরে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, রাজু আহমেদ ওরফে বাবুল (৪০), রাশেদ আলী (২৮) ও আবদুল মমিন (২৫)। তাঁদের কাছ থেকে প্রতারণায় ব্যবহূত মুঠোফোন, টাকা আদায়ের রসিদ ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়েছে। প্রতারণার অভিযোগে তেজগাঁও থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, গত ২৮ জুন গ্রেপ্তার রাজু আহমেদ তেজগাঁও থানায় কর্তব্যরত কর্মকর্তার কাছে ফোন করে নিজেকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম পরিচয় দেন। তিনি তেজগাঁওয়ে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে অনুরোধ করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে তাঁর সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য। এরপর প্রধান শিক্ষিকার কাছে রাজু নিজেকে মুখ্য বিচারিক হাকিম পরিচয় দিয়ে তার এক অসুস্থ আত্মীয়ের জন্য শিক্ষার্থীদের কাছে আর্থিক সহযোগিতা চান। প্রধান শিক্ষিকা শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার ৪০০ টাকাও তোলেন। পরে রাজু ওই টাকা নিয়ে যাওয়ার পর শিক্ষিকার সন্দেহ হয়। পরে শিক্ষিকা খোঁজ নিয়ে নিশ্চিত হন, তিনি প্রতারিত হয়েছেন। ঘটনাটি ডিবির ৭ নম্বর দলের নজরে আসে। এর ভিত্তিতেই অভিযান চালিয়ে রাজু ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার হয়। ডিবি কর্মকর্তারা বলেন, জিজ্ঞাসাবাদে প্রতারক রাজু ও তাঁর সহযোগীরা জানান, তাঁরা নিজেদের মুখ্য বিচারিক হাকিম, শিক্ষামন্ত্রীর এপিএস, আবার কখনো র‌্যাবের মেজর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিরীক্ষা কর্মকর্তা (অডিট অফিসার) পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। তাঁরা থানায় আটক বিভিন্ন লোকজনকে ফোন করে ছাড়িয়ে আনতেন এবং ছাড়া পাওয়া ব্যক্তিদের কাছ থেকে টাকা নিতেন। তাঁরা সরকারি কর্মকর্তাদের ভুয়া সিল ব্যবহার করে লাশ দাফন ও পরিবহনে মানবিক আবেদন নিয়ে বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে টাকা তুলে আসছিলেন। ডিবির কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এর আগেও প্রতারণার অভিযোগে জেল খেটেছেন।