বিচারের দাবিতে এক মুক্তিযোদ্ধার আত্মাহুতির চেষ্টা
বাড়ি দখলের পাঁয়তারার বিচারের দাবিতে গতকাল শনিবার রাজধানীতে শিখা চিরন্তনের সামনে আত্মাহুতির চেষ্টা করেছেন একজন মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রী-সন্তান। তবে সরকারের প্রতিনিধিদের আশ্বাসে আত্মাহুতি দিতে হয়নি তাঁকে। আমিনুল ইসলাম নামের এই মুক্তিযোদ্ধার বাড়ি রাজশাহীর রাজপাড়ার বাগানপাড়ায় (খ্রিষ্টানপাড়া)। তিনি জানান, জাল দলিল করে স্থানীয় দুই মাদক ব্যবসায়ী তাঁর বাড়ি দখল করে নিতে চায়। প্রতিদিন এ দুই মাদক ব্যবসায়ীর লোকেরা তাঁকে বাড়ি থেকে চলে যেতে বলছে। বাড়ি না ছাড়লে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। গত ৯ জুন ওই বাহিনী সম্পত্তি দখল করতে এলে বাধা দিলে আমিনুলকে মেরে ফেলার হুমকি দেয় তারা। কিন্তু রাজশাহীতে এ ঘটনার বিচার না পেয়ে রাজধানীতে এসে আত্মাহুতির কর্মসূচি দেন। আমিনুল প্রথম আলোকে বলেন, তিনি, তাঁর স্ত্রী ও এক সন্তান মিলে আত্মাহুতির চেষ্টা করলে সরকারের কয়েকজন প্রতিনিধি এসে আশ্বাস দিয়ে বলেন, আইন আমিনুলের পক্ষে থাকবে। এই আশ্বাসে আর আত্মাহুতি দিতে হয়নি।