বিজয় দিবসে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শোভাযাত্রা প্রভৃতি।

সশস্ত্র বাহিনী বিভাগ বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে আজ ভোরে ৩১ বার তোপধ্বনির আয়োজন করেছে। এরপর সকাল ১০টায় একই স্থানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

বিকেল সাড়ে তিনটায় সেক্টর কমান্ডারস ফোরাম সোহরাওয়ার্দী উদ্যানের ‘শিখা চিরন্তন’ বেদিতে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের বার্ষিকী উদ্‌‌যাপন করবে। এ অনুষ্ঠানে ৪৩ জন মুক্তিযোদ্ধা বর্তমান প্রজন্মের ৪৩ জন তরুণ-তরুণীর হাতে পতাকা হস্তান্তর করবেন।

বিজয় দিবস উদ্‌যাপন জাতীয় কমিটি বিকেল চারটা ৩১ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সংগীতের আয়োজন করেছে। এতে সর্বস্তরের মানুষ অংশ নেবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা করবে। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে শিশু-কিশোরদের আনন্দ অনুষ্ঠান। গুলশান সাউথ পার্ক রিক্রিয়েশন সোসাইটি দিনটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। কর্মসূচি শুরু হবে সকাল সাড়ে সাতটায়। মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী মন্দিরে দুপুর ১২টায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে।

সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে টিএসসিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের (কামাল পাশা) আয়োজনে শাহবাগে গান, নাটক, আবৃত্তি ও চলচ্চিত্র প্রদর্শনী হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়, ওসমানী উদ্যানে। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই তাদের তেজগাঁও কার্যালয়ে দিনব্যাপী বিজয় মেলা করবে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সকাল আটটায় জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। এ ছাড়া দলটি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে।

এ ছাড়া জাকের পার্টি, মহাকাল নাট্য সম্প্রদায়, জাতীয় শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, গণআজাদী লীগ, সার্চ স্কেটিং ক্লাব, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, ইডেন কলেজ, ইসলামী ছাত্রসেনা, বাংলালিংক, বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, সাইকেল লেন ইমপ্লিমেন্ট কাউন্সিল, রোইং ফেডারেশন, মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্রেটিক পার্টি, গোল্ডেন এরা কিডস স্কুল বিভিন্ন কর্মসূচি পালন করবে।