বিজিএমইএ ভবন অপসারণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতা নিরসনে রাজধানীর ৪৩টি খাল উদ্ধারে অবৈধভাবে নির্মিত পাঁচ হাজার ভবন উচ্ছেদের ঘোষণা দিয়েছেন রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা। এদিকে হাতিরঝিলের বেগুনবাড়ি খালের মাঝখানে রয়েছে বিজিএমইএ ভবন। ঘোষিত পাঁচ হাজার অবৈধ ভবন উচ্ছেদের আগে রাজউকের অনুমোদনহীন বিজিএমইএ ভবন উচ্ছেদ করা হলে অন্য দখলদাররাও দখল ছেড়ে দেবে বলে মতামত দেন সিটিজেনস রাইটস মুভমেন্টের নেতারা।গতকাল রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন ও শোভাযাত্রা করে বিজিএমইএ ভবন অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করেছে সিটিজেনস রাইটস মুভমেন্ট। পরে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মেজর (অব) মো. মফিজুল হক সরকারের নেতৃত্বে রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদার কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়।স্মারকলিপি গ্রহণ করে রাজউকের চেয়ারম্যান বলেন, ‘দুঃখজনক হলেও রাজউক তার লক্ষ্য থেকে অনেক দূরে সরে গেছে। আমার দুই পা এখন কবরে, অন্যায়ের সঙ্গে আপস করার কোনো প্রশ্ন নেই। রাজধানীর ৪৩টি খাল উদ্ধারে অবৈধভাবে নির্মিত সব স্থাপনা অবশ্যই উচ্ছেদ করা হবে।’সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান বলেন, বিজিএমইএ ভবন উচ্ছেদ করলেই রাজধানীর ৪৩টি খাল উদ্ধারে পাঁচ হাজার অবৈধ ভবন উচ্ছেদ করা সহজ হবে।বিজিএমইএ ভবন অপসারণে অনুষ্ঠিত এ মানববন্ধনে আয়োজক সংগঠনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে সেবা, গ্রিন ভয়েস ও সুন্দর জীবন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, বাপার সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান, বিশিষ্ট পানিবিজ্ঞানী মুহাম্মদ এনামুল হক, পবার চেয়ারম্যান আবু নাসের খান, গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়কারী আলমগীর কবির, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, সাবেক সাংসদ হুমায়ুন কবির, সেবার নির্বাহী পরিচালক মো. নুরুদ্দিন, পীসের মহাসচিব ইফমা হুসাইন, ভাস্কর রাশা প্রমুখ।