বিজিএমইএ ভবন সরানোর দাবিতে নাগরিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে হাতিরঝিল প্রকল্প এলাকা থেকে বিজিএমইএ ভবন অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে নাগরিক সংহতি। গতকাল মঙ্গলবার আয়োজিত এক নাগরিক সমাবেশ থেকে এই দাবি জানিয়ে বলা হয়, ভবনটি রাখা হলে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হবে।শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল সকালে নাগরিক সংহতির উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে বক্তারা বলেন, ২০১১ সালে হাইকোর্ট একটি রিটের বিপরীতে বিজিএমইএ ভবন অপসারণের রায় দেন। ওই রায়ের বাস্তবায়ন আজও হয়নি। আদালতের রায়ে বলা ছিল, ওই জমিতে বিজিএমইএর মালিকানাস্বত্ব নেই। তাই ভবনটি উচ্ছেদ করতে হবে। জমিতে ভবন নির্মাণ করে বেগুনবাড়ী খালের পানির স্বাভাবিক প্রবাহ এবং হাতিরঝিল প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত করা হয়েছে। তাই ভবনটি দ্রুত ভেঙে ফেলতে হবে। সমাবেশ থেকে আরও বলা হয়, এক হাজার ৮৯৩ কোটি টাকা ব্যয়ে হাতিরঝিল-বেগুনবাড়ী প্রকল্প আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করার কথা। সংবাদমাধ্যমেও এ খবর প্রচার করা হয়েছে। এই প্রকল্প নাগরিকদের নানা বিড়ম্বনার অবসান ঘটাবে বলে আশা প্রকাশ করা হলেও অবৈধভাবে গড়ে ওঠা পোশাকশিল্পের মালিকদের ভবনটি প্রকল্পের সুফল পেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ইতিমধ্যে সরকারের মন্ত্রী, গণমাধ্যম ব্যক্তিত্ব ও নগর বিশেষজ্ঞরা এমন অভিমত জানিয়েছেন। বক্তারা বলেন, প্রকল্পের খাল দিয়ে ঢাকা শহরের বৃষ্টির পানি দ্রুত নেমে জলাবদ্ধতা কমিয়ে আনবে। এতে নগরবাসী রক্ষা পাবে। একই সঙ্গে খালের পাশ দিয়ে নির্মিত সড়কটি শহরের যানজট নিরসনে ভূমিকা রাখবে। কিন্তু এত বিপুল সম্ভাবনার সামনে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে আছে বিশাল এই ভবন। নাগরিক সংহতির সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ। বক্তব্য দেন সিপিবির নেতা রুহিন হোসেন, নদী বিশেষজ্ঞ ইনামূল হক, সরদার আমিন, আমিনুর রসুল, ইবনুল সাইদ, ইফমা হোসেন, ভাস্কর রাসা, সৌমিত্র দেব, মোহাম্মাদ আলী হাজারী প্রমুখ।