বিজিএমইএ ভবনসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নে বিজিএমইএ ভবনসহ রাজউক ঘোষিত পাঁচ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ৪৩টি খাল উদ্ধারের দাবি জানিয়েছে সিটিজেনস রাইটস মুভমেন্টসহ কয়েকটি পরিবেশবাদী সংগঠন। গতকাল বিজিএমইএ ভবনের সামনে আয়োজিত নাগরিক ঐক্য সমাবেশ ও হাতুড়ি মিছিল থেকে এই দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বিজিএমইএ ভবনে সংযোজিত পানি, বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস ও পয়োনিষ্কাশন লাইন বিচ্ছিন্ন করার আহ্বান জানান।বক্তারা বলেন, স্বাধীন দেশের ‘রাজধানী শহর’ আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। অথচ বাংলাদেশের রাজধানী ‘ঢাকা’ পৃথিবীর বসবাস-অযোগ্য ও দূষিত নগরগুলোর একটি। তাঁরা বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতা সত্ত্বেও ‘ড্যাপ’ বাস্তবায়নে সরকারের ভেতরে লুকিয়ে থাকা একটি অশুভ গোষ্ঠী কাজ করে যাচ্ছে।বক্তারা আরও বলেন, ড্যাপের সময়োপযোগী বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধক হাতিরঝিলের মধ্যে নির্মিত অবৈধ স্থাপনা ‘বিজিইএমএ ভবন’সহ রাজধানীর কিছু চিহ্নিত অবৈধ ভবন। নাগরিক ঐক্য সমাবেশে বক্তব্য দেন সিটিজেনস রাইটস মুভমেন্টের সভাপতি মেজর (অব.) মো. মফিজুল হক সরকার, মহাসচিব তুষার রেহমান, সিনিয়র সহসভাপতি এনায়েতুর রহিম, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, স্থপতি মোবাশ্বের হোসেন, পিসের নির্বাহী পরিচালক মুহাম্মদ শফিকুর রহমান, সেবার মো. নুরুদ্দীন, পানিবিজ্ঞানী মুহাম্মদ ইনামূল হক, শহিদা নূর নাহার প্রমুখ।