বিজিএমইএ ভবনসহ সব অবৈধ স্থাপনা অপসারণের দাবি
বিজিএমইএ ভবনসহ রাজধানীর সব অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানিয়েছে বেসরকারি কয়েকটি সংগঠন। গতকাল সোমবার সকালে রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবনের সামনে সিটিজেনস রাইটস মুভমেন্ট, ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি) ও পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদ আয়োজিত এক নাগরিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বলা হয়, বিজিএমইএ ভবন নির্মাণের আগে রাজউকের কোনো অনুমোদন ছিল না। জলাধার সংরক্ষণ আইন, নগর উন্নয়ন আইন ও ভবন নির্মাণ আইন লঙ্ঘন করে এ ভবন নির্মাণ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অনেক আগেই ভবনটিকে অবৈধ ঘোষণা ও নিজ খরচে তা ভেঙে অপসারণ করার নির্দেশ দিয়েছেন। অবশ্য হাইকোর্টের আদেশ পরে সুপ্রিম কোর্ট স্থগিত করেছেন। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী নিজেই উপলব্ধি করতে পেরেছেন যে হাতিরঝিলে বিজিএমইএ ভবন ‘বিষফোড়া’। এই অবৈধ ভবনটি পরিবেশ সুরক্ষার জন্য প্রতিবন্ধকও। কিন্তু অবৈধ ভবনটি ভাঙার জন্য সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে আরও ৫৩টি অবৈধ ভবন আছে। সেগুলো উচ্ছেদ করার ব্যাপারে রাজউক কোনো ব্যবস্থা না নেওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। আইএফপির প্রধান সমন্বয়ক মুহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন প্রকৌশলী ম ইনামুল হক, সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান, আইএফপির চেয়ারম্যান শফিকুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলনের আহ্বায়ক ইবনুল সাইদ প্রমুখ বক্তব্য দেন।