বিজিএমইএর বিরুদ্ধে বেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবনের নকশা অনুমোদনসংক্রান্ত তথ্য চেয়ে বারবার আবেদন করেও নির্ধারিত সময়ের মধ্যে তা না পাওয়ায় তথ্য অধিকার আইন অনুযায়ী অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। ২৩ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার আবু তাহের ও তথ্য কমিশনার সাদেকা হালিম বরাবর এ অভিযোগ দায়ের করা হয়। বেলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএ ভবনের নকশা অনুমোদনসংক্রান্ত তথ্য ক্রমানুসারে প্রতিবেদন আকারে দেওয়ার অনুরোধ জানিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ও রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-৪ বরাবর যথাক্রমে গত বছরের ৮ জুলাই, ১৮ আগস্ট ও ১৭ ডিসেম্বর বেলা আবেদনপত্র পাঠায়। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও তথ্য না পাওয়ায় তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রাপ্তির অনুরোধ প্রত্যাখ্যাত হয়েছে বলে ধরে নিয়ে গত মাসের ২০ তারিখে একই আইনের ধারা ২৪ অনুযায়ী রাজউকের চেয়ারম্যানের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর আপিল আবেদন করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এতে ধারা ২৪(৩) অনুযায়ী অনুরোধকৃত তথ্য ১৫ দিনের মধ্যে বেলাকে সরবরাহের জন্য রাজউকের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিতে সচিব বরাবর আবেদন জানানো হয়। কিন্তু সময় পার হওয়ার পরও বিজিএমইএর ভবন-সম্পর্কিত কোনো তথ্য বেলা এখনো পায়নি। অভিযোগ দায়েরের অনুলিপি সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও চেয়ারম্যান এবং রাজউক বরাবর পাঠানো হয়েছে।