বিজিবি দিবসে অংশ নিতে বাংলাদেশে বিএসএফের মহাপরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার শাহজালাল বিমানবন্দরে বিএসএফের মহাপরিচালক পঙ্কজ কুমার সিংকে অভ্যর্থনা জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম
ছবি: সংগৃহীত

বিজিবি দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে অংশ নিতে আজ শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফের মহাপরিচালক পঙ্কজ কুমার সিং।

আজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল রোববার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেবে বিএসএফের প্রতিনিধিদল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় বিজিবি দিবসের কুচকাওয়াজ ও অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে বিএসএফের মহাপরিচালক পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে সাত সদস্যের ভারতীয় প্রতিনিধিদল আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
বিমানবন্দরে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও তাঁর স্ত্রী সোমা ইসলাম বিএসএফের মহাপরিচালকসহ প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।

পরে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রাসহকারে প্রতিনিধিদল পিলখানায় বিজিবি সদর দপ্তরে পৌঁছায়। সেখানে তাঁরা ‘সীমান্ত গৌরব’ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘সীমান্ত গৌরব’ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পঙ্কজ কুমার সিং
ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসএফের মহাপরিচালকের এ সফর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আস্থা ও সুসম্পর্ক জোরদার করবে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি করতে ও দুই দেশের সীমান্ত সমস্যা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

বিএসএফের প্রতিনিধিদলটি বিজিবির সীমান্ত পরিবার কল্যাণ সমিতির (সিপকস) প্রধান পৃষ্ঠপোষক সোমা ইসলামের আমন্ত্রণে বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওওয়া), সিপকস এবং সীমান্ত অফিসার্স লেডিস ক্লাব আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবে। প্রতিনিধিদল ২১ ডিসেম্বর ভারতে ফিরে যাবে।