বিজ্ঞান মেলায় কাজের ও মজার প্রযুক্তির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলে কিংবা স্থলে, যখন যেখানে প্রয়োজন সেখানেই চলবে গাড়ি। দুর্ঘটনা এড়াতে থাকবে ডিজিটাল রেলক্রসিং। অনুষ্ঠানস্থল অন্ধকার। কিন্তু উদ্বোধনী ফিতা কাটার সঙ্গে সঙ্গেই জ্বলে উঠবে নানা রঙের বাতি। এমন নানা দরকারি ও মজার উভয় ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে খুদে বিজ্ঞানীরা।আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে গতকাল রোববার শুরু হওয়া ৩৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং প্রযুক্তি মেলায় দেখা যাবে এসব উদ্ভাবন। দেশের বিভিন্ন স্থানে নির্বাচিত সেরা প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে তিন দিনব্যাপী এ আয়োজনে।‘দেশ হলে প্রযুক্তিনির্ভর জাতি হবে স্বনির্ভর’ স্লোগানে শুরু হওয়া এই মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানুষ প্রযুক্তিকে সঙ্গে নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশকে প্রযুক্তিতে এগিয়ে নিতে হলে বিজ্ঞানকে ভালোবাসতে হবে। তরুণ প্রজন্ম এভাবে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কাজ করলে অনেক বড় বড় সমস্যার সমাধান সহজে করা যাবে।মন্ত্রণালয়ের সচিব আবদুর রব হাওলাদার বলেন, দেশের অর্থনৈতিক মুক্তি আনতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই। তিনি জানান দেশে বিজ্ঞানশিক্ষাকে জনপ্রিয় করার লক্ষ্যে জাদুঘর সম্প্রসারণ, জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান তৈরিসহ নানা ধরনের কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। সচিব বলেন, পরিবেশদূষণ রোধে প্রযুক্তির জ্ঞানকে কাজে লাগাতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিমন্ত্রী অতিথিদের নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন।মেলায় অংশ নেওয়া কিশোরগঞ্জ জেলার সরণী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সুবর্ণ আক্তার ও সানজিদা আক্তার বলে, এই প্রদর্শনীতে অংশ নিয়ে নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি জ্ঞান বিনিময় করারও সুযোগ মিলছে।অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলাম, বিজ্ঞানী, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল। মেলার দ্বিতীয় দিনে আজ সোমবার বিকেল চারটায় ‘খাদ্য ও অণুজীব’ সম্পর্কে সেমিনার হবে। শেষ দিন আগামীকাল হবে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।