বিজয় উদ্যাপন ভিন্ন আঙ্গিকে
আলোচনা সভা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্যাপন করেছে ৭২টি দেশি-বিদেশি স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠান। ‘সেবার মাধ্যমে বিজয়ের প্রকাশ’ এ স্লোগান সামনে রেখে সেবামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে তারা। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা ভিন্নধর্মী এ বিজয় দিবস উদ্যাপনের কথা জানায় ।সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজয় দিবস উপলক্ষে গত ১ ডিসেম্বর থেকে সংগঠনগুলো সেবামূলক কর্মকাণ্ড শুরু করে। এ কর্মতৎপরতা শেষ হয় ১৬ ডিসেম্বর। এর মধ্যে দুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র পৌঁছে দেওয়া, বস্তিতে দরিদ্র শিশুদের পাঠদান, বিভিন্ন এলাকায় পাঠাগার স্থাপন, বৃক্ষরোপণ, পথনাটক প্রদর্শনী, দেশের উন্নয়নের জন্য বিদেশের মাটিতে অনুদান সংগ্রহ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে গণসচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন কাজ করে সংগঠনগুলো। সংবাদ সম্মেলনে ‘কমিউনিটি অ্যাকশনের’ সভাপতি নাবিলা ইদ্রিস বলেন, ‘যে যেখানে আছি, নিজেদের অবস্থান থেকে কাজ করে যাব। এই ব্রত নিয়ে বিজয় দিবস উদ্যাপনে এ উদ্যোগ নেওয়া হয়। ’ ভিন্নধর্মী এ আয়োজনের আয়োজক সংগঠন ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা মেডিকেল কলেজ, ল্যাবএইড গ্রুপ, কমিউনিটি অ্যাকশন, বাংলাদেশ ইয়্যুথ এনভারনমেন্টাল ইনেশিয়েটিভ (বিওয়াইইআই), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ, বুয়েট ড্রামা সোসাইটি, জাগো ফাউন্ডেশন, এমআইটি বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি, ড্রেক্সেল ইউনিভার্সিটি ইত্যাদি।