শুরুটা ১৯৯০ সালের ডিসেম্বর মাসে। ওই বছর সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রথম বিজয় উৎসবের আয়োজন করে। এর পর উৎসব হয়ে আসছে প্রতিবছর। জোটের এই আয়োজন এখন মুক্তিযুদ্ধের মহান বিজয় উৎসবের অন্যতম প্রধান অনুষঙ্গে পরিণত। এই আয়োজনে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা লাখো শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস ও নানা প্রামাণ্য নিদর্শন; সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকেই।বিজয় দিবস আসন্ন। দিনটিকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতি জোট গতকাল বুধবার বিজয় উৎসবের কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল সকালে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘বিজয় উৎসব-২০১২’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বিজয় উৎসব হবে আরও বড় পরিসরে। রাজধানীর বিভিন্ন অঞ্চলে তো অনুষ্ঠান হবেই, এ ছাড়া রাজশাহী ও রামুতে হবে বিজয় উৎসবের সমাপনী আয়োজন। সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। একই সঙ্গে তাঁরা জাতির কলঙ্ক মোচনে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত রাখারও আহ্বান জানান।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শুরু হবে বিজয় উৎসবের আনুষ্ঠানিকতা। ‘রুখে দাঁড়াও পরাজিতের হুংকার, যুদ্ধাপরাধীর বিচার হবেই এবার’—স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হবে এবারের উৎসব।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ লিখিত বক্তব্য দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর, নাট্যজন রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্যসচিব মফিদুল হক, কবি মুহম্মদ সামাদ ও জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। সঞ্চালনা করেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় উৎসবের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের শব্দসৈনিকেরা। এ ছাড়া ৯ ডিসেম্বর থেকে গেন্ডারিয়ার ইস্ট এন্ড ক্লাব মাঠ, লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্ক, হাজারীবাগ পার্ক মাঠ, মতিঝিল টিএনটি কলোনি মাঠ, রায়েরবাজার বধ্যভূমি প্রাঙ্গণ, টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চ, শিশু একাডেমীর শহীদ মতিউর রহমান মঞ্চ, উত্তরার রবীন্দ্র সরণি মুক্তমঞ্চ, দনিয়ার বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজেসংলগ্ন সড়ক, পল্লবীর কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজ ও মিরপুরের ১০ নম্বর গোল চত্বরে এ উৎসবের কার্যক্রম চলবে। আয়োজকেরা জানান, এই মঞ্চগুলো বিগত বছরে মৃত্যুবরণ করা সাংস্কৃতিক ব্যক্তিত্বের নামে উৎসর্গ করা হবে। বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে ২৮ ডিসেম্বর রাজশাহী এবং ২৯ ডিসেম্বর কক্সবাজারের রামুতে।