বিজয় দিবসে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে
আজ বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে, জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে ও বঙ্গভবনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াতের সুবিধার্থে রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকবে। ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শুক্রবার ভোরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধাঞ্জলি জানাতে সাভারে যাবেন। এ কারণে ওই দিন ভোর চারটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত গাবতলী-আমিনবাজার সেতু হয়ে সাভার সড়কে বাস-ট্রাকসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। এই সড়কের যানবাহনগুলোকে বিকল্প পথে ঢাকা এয়ারপোর্ট রোড-আবদুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়কে চলাচল করতে বলা হয়েছে। আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকামুখী যানবাহনগুলো নবীনগর বাজার-আশুলিয়া হয়ে ঢাকায় আসবে। শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ উপলক্ষে ওই এলাকায় সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত শুধু অতিথিদের স্টিকারযুক্ত যান চলাচল করবে। ওই এলাকার কয়েকটি রাস্তায় বাণিজ্যিক যানসহ অন্যান্য যান চলাচল বন্ধ থাকবে। রাস্তাগুলো হলো: খেজুরবাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণি হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত; শ্যামলী শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত; প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত; বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত। এ সময় বিকল্প রাস্তায় গাড়ি চলাচলের অনুরোধ করেছে পুলিশ।বঙ্গভবন এলাকায় চলাচলে নির্দেশনা: বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য দুপুর ১২টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকার কয়েকটি সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করতে জনসাধারণকে বলা হয়েছে। আজ জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস-রাজউক ক্রসিং পর্যন্ত এবং সার্জেন্ট আহাদ ট্রাফিক বক্স থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত, আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত এবং রাজউক ক্রসিং থেকে পার্ক রোড ও গুলিস্তান অভিমুখী সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল ক্রসিং, প্রেসক্লাব হয়ে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলবে।