বিজয় দিবসে র‌্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে জল, স্থল ও আকাশপথে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

নিরাপত্তার অংশ হিসেবে ভিভিআইপি, ভিআইপি, বিদেশি কূটনৈতিক মিশনের গমনাগমনের স্থান এবং জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে এমন স্থানে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। এতে বলা হয়েছে, সারা দেশে র‌্যাবের গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখা হবে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে র‌্যাবের স্পেশাল ফোর্স ও এয়ার উইংয়ের হেলিকপ্টার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গুরুত্বপূর্ণ স্থানগুলোর আশপাশে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে পোশাকধারী সদস্যদের টহল তৎপরতা। দেশব্যাপী বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডগ স্কোয়াড ও র‌্যাবের বোম্ব স্কোয়াড সুইপিং কার্যক্রম পরিচালনা করছে। অপর দিকে অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে র‌্যাবের সাইবার মনিটরিং টিমের নজরদারি।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব। যেকোনো ধরনের বিশৃঙ্খলায় সহযোগিতা পেতে নিকটস্থ র‌্যাব অফিসে যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে র‌্যাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।