বিজয় দিবসের অনুষ্ঠান দেখে বাসায় ফেরা হলো না কিশোরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশিক হোসেন
ছবি: সংগৃহীত

বিজয় দিবসের অনুষ্ঠান দেখে বাসায় ফেরা হলো না কিশোর আশিক হোসেনের (১৭)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁওয়ে রেললাইনে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। সে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।

পারিবারিক সূত্র জানায়, আশিক উত্তরার ১০ নম্বর সেক্টরের রানাভোলায় তার বড় ভাই আরিফ হোসেনের বাসায় থাকত। রানাভোলায় আরিফের কনফেকশনারির দোকান আছে।

আশিকের বন্ধু লাবণ্য আক্তার আজ রাতে প্রথম আলোকে জানায়, আজ সকালে রাজধানীতে বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান দেখতে আশিক তার সঙ্গে বের হয়। বিভিন্ন স্থান ঘুরে বিকেলে আশিক তাকে তার খিলগাঁওয়ের বাসায় পৌঁছে দেওয়ার জন্য খিলগাঁও খিদমাহ হাসপাতালসংলগ্ন রেললাইন পার হচ্ছিল। আশিক রেললাইনে উঠে গেলেও সে কিছুটা পেছনে থেকে রেললাইনে উঠতে উদ্যত হয়। এ সময় ঢাকাগামী চলন্ত একটি ট্রেনের ধাক্কায় আশিকের মাথায় আঘাত লাগলে সে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। তাকে নিথর অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, হাসপাতালে জরুরি বিভাগে আনার পর চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন। সরকারি রেলওয়ে থানায় (ঢাকা-জিআরপি) মৃত্যুর খবর দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আশিকের বাবার নাম জামাল হোসেন হাওলাদার।