বিজয়নগরে ড্রেনেজ লাইন যাচ্ছেতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির বিজয়নগরে পশ্চিম প্রান্তের সড়কে ড্রেনেজ লাইন নির্মাণ করতে গিয়ে যাচ্ছেতাই অবস্থার সৃষ্টি হয়েছে। সেখানে প্রায় পাঁচ ফুট চওড়া গর্ত খোঁড়া হয়েছে। পিচ ঢালা সড়ক খোঁড়ার পর বড় বড় খণ্ড বেরিয়েছে। আছে ফুটপাতের ভাঙা স্ল্যাব আর মাটি। সেগুলো প্রধান সড়কের অর্ধেকটা জুড়ে স্তূপ করে রাখা হয়েছে। এতে করে সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
গত মঙ্গলবার দুপুরে এলাকায় গেলে এসব ভোগান্তির চিত্র চোখে পড়ে। ফুটপাত ভেঙে ফেলায় পথচারী চলাচল করছে সড়ক দিয়ে। কোনো বেষ্টনী না দেওয়ায় সন্ধ্যার পর চলাচল করতে গিয়ে খোঁড়া গর্তে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে।
এলাকার চশমার দোকানিরা বলেন, প্রায় এক সপ্তাহ ধরে রাস্তা ও ফুটপাত খোঁড়া হচ্ছে। ভাঙা নির্মাণসামগ্রী সরানো হচ্ছে না। এতে সড়কে দুঃসহ যানজটের সৃষ্টি হচ্ছে। দেখা যায়, সড়কের ভেঙে ফেলা অংশের ধ্বংসাবশেষ বা মাটিই শুধু নয়, বালু-ইট-টাইলস ইত্যাদি জড়ো করা হয়েছে সড়কের ওপর। গর্তের ভেতরে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানিসহ (ডিপিডিসি) একাধিক সেবা সংস্থার মোটা কেব্ল এঁকেবেঁকে আছে। সেগুলোর কোথাও কাটা পড়েছে কি না বোঝার উপায় নেই। দোকানিরা বলেন, যদি কাটা পড়ে, তার জন্য অন্য ভোগান্তিতে পড়তে হবে গ্রাহকদেরই।
গর্তের পাশে খোলা অবস্থায় দাঁড় করিয়ে রাখা হয়েছে রড। কেউ হোঁচট খেয়ে রডের ওপর পড়লে কী পরিণতি হবে, তা নিয়ে চিন্তিত স্থানীয় দোকানিরা। গত পরশু সকালে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের এক শিক্ষার্থী গর্তের কাদামাটিতে পড়ে যায়। তবে বড় কোনো অঘটন ঘটেনি। পুরো উন্নয়নকাজকে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে রাখতে সেখানে কাউকে তদারক করতে দেখা যায়নি। ঠিকাদারের লোকদের খোঁজ জানতে চাইলে একজন শ্রমিক এগিয়ে এসে বলেন, ‘সুপারভাইজার সাব আছিলেন, এখন খাইতে গেছেন।’
চশমা বানানোর জন্য দিশারী অপটিকে এসেছেন আরামবাগের বাসিন্দা মধ্য বয়সী দীন মোহাম্মদ। দোকানের সামনে সামান্য একটু হাঁটার জায়গা। রিকশা থেকে নেমে দোকানে যাওয়ার পথে গর্ত দেখে তিনি আবার সেই রিকশাতেই উঠে পড়েন।
দেশ অপটিকস, ডিসেন্ট অপটিকস, গলফ অপটিকস ও আশপাশের সব দোকান খোলা হলেও বেচাকেনা অনেক কমে গেছে। কারণ, ক্রেতারা আসতে পারছে না।
এলাকাটি পড়েছে ডিএসসিসির ১৩ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা জামান বলেন, ভারী বৃষ্টির মৌসুমে জলাবদ্ধতা কমাতে শান্তিনগর, কাকরাইল, বিজয়নগরসহ আশপাশের এলাকায় পর্যায়ক্রমে ড্রেনেজ লাইন করা হচ্ছে। জনভোগান্তি কমানোর বিষয়ে তিনি ঠিকাদারের সঙ্গে কথা বলবেন বলে জানান।