রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে গতকাল সোমবার দুপুরে আগুন ধরে যায়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দমকল ও পুলিশ সূত্র জানায়, আকরাম টাওয়ারের ১৩ তলায় চুং গার্ডেন নামের একটি চায়নিজ রেস্তরাঁর সাজসজ্জার (ডেকোরেশন) কাজ চলছিল। দুপুর পৌনে একটার দিকে শ্রমিকেরা খাবার খেতে বাইরে যান। এর কিছুক্ষণ পরই ১৩ তলা থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। এতে ভবনে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে জীবন বাঁচাতে দ্রুত নিচে নেমে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে র্যাব ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। আগুনে চায়নিজ রেস্তরাঁর কয়েকটি কক্ষ পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও বেসামরিক নিরাপত্তা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মেজর শাহজালাল সাংবাদিকদের জানান, ১৫ জন শ্রমিক ডেকোরেশনের কাজ করছিলেন। তবে আগুন লাগার সময় তাঁদের কেউই সেখানে ছিলেন না। পল্টন ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন মাস্টার আবদুস শহীদ জানান, যে কক্ষ থেকে আগুন লাগে সে কক্ষে ডেকোরেশনের মালামালসহ রংয়ের বিভিন্ন রাসায়নিক দ্রব্য ছিল।কামরাঙ্গীরচরে প্লাস্টিক কারখানায় আগুনরাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে কামরাঙ্গীরচর লোহার ব্রিজের অদূরে রহমতবাগে আবদুর রহমানের প্লাস্টিক কারখানায় হঠাত্ করে আগুন ধরে যায়। এতে কারখানার আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।কারখানার মালিক আবদুর রহমান দাবি করেন, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি।কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সিকদার জানান, ব্রিজের নিচের খোলা জায়গায় পুরোনো পলিথিন জড়ো করে রাখা ছিল। এই পলিথিন গলিয়ে প্লাস্টিকের মালামাল তৈরি করা হতো। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বিড়ি-সিগারেটের অবশিষ্ট অংশ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।