বিজয়ার উৎসবে মুখর পুরান ঢাকা

উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল শহরজুড়ে। পুরান ঢাকার শাঁখারীবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর থেকে ঢাকেশ্বরী মন্দির হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, সিদ্ধেশ্বরী মন্দির, কলাবাগান মাঠ; ওদিকে বনানী মাঠ—সবখানে সকাল থেকেই ছিল প্রচুর জনসমাগম। বিকেল থেকে পূজামণ্ডপগুলো হয়ে ওঠে জনাকীর্ণ। শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় আর আরতি নৃত্যে আনন্দঘন হয়ে ওঠে পরিবেশ।
গতকাল বৃহস্পতিবার একই দিনে পড়েছিল এবার শারদীয় দুর্গাপূজার মহানবমী ও বিজয়া দশমীর পূজা। সকালেই এই দুই পর্বের পূজা, অঞ্জলি ও দর্পণ বিসর্জনের ভেতর দিয়ে শেষ হয় সিংহবাহিনী দশভুজা দেবীর পূজা। আজ শুক্রবার সন্ধ্যায় হবে প্রতিমা বিসর্জন।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারীবাজার ও বানিয়ানগর এলাকা মহাষ্টমীর রাত থেকেই ভক্তদের বিপুল সামগমে জনাকীর্ণ হয়ে উঠেছিল। পোগোজ স্কুলের সামনে থেকে ইসলামপুর মোড় পর্যন্ত শাঁখারীবাজার রোডে এবার পূজার মণ্ডপ হয়েছিল কয়েক গজ পরপর। প্রতিদ্বন্দ্বী পূজা কমিটি, নববাণী পূজা কমিটি, সূর্য-তারা পূজা কমিটি, সংঘমিত্র পূজা কমিটি, নীলপদ্ম পূজা কমিটি—এমন ১৫টির মতো কমিটি আয়োজন করেছে সর্বজনীন পূজা। একই রকম দৃশ্য দেখা গেছে বানিয়ানগর তাঁতীবাজারেও। অনেকগুলো মণ্ডপ তৈরি করা হয়েছিল হৃষিকেশ দাশ রোড ও সূত্রাপুর এলাকায়। এসব এলাকায় সর্বজনীন পূজা ছাড়াও অনেকগুলো ব্যক্তিগত পূজাও হয়েছে। গতকাল বিজয়ার দিনে ব্যক্তিগত মণ্ডপগুলোও সর্বস্তরের দেবীভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল।

পুরান ঢাকার পূজামণ্ডপগুলোর গঠনকৌশল ও শৈলী আলাদা। এখানে সড়কগুলো সংকীর্ণ। এই সড়কের ওপর পদচারী-সেতুর আদলে তৈরি করা হয়েছে বাঁশ-কাঠের শক্তপোক্ত অবকাঠামো। তার ওপর সুদৃশ্য মণ্ডপ। নিচ দিয়ে লেকজনের চলাচলের ব্যবস্থা। পূজা উপলক্ষে এসব পথে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পথের দুই পাশে বসেছে মণ্ডা-মিঠাইয়ের দোকান। মণ্ডপগুলোতে বাজছে ভক্তিমূলক গান। ‘যা দেবী সর্ব ভূতেষু শক্তি রূপেনু সংস্থিতা...’ দেবীর প্রশস্তিমূলক শ্লোক। নাগরদোলা বসেছে শাঁখারীবাজার সড়কের মোড়ে। পুরো সড়কটিই উৎসবমুখর হয়ে আছে বিপুল জনসমাগমে।
সাভার থেকে প্রেম চন্দ আচার্য ও বিষ্ণু আচার্য দুই ভাই সপরিবারে এসেছিলেন দেবী-দর্শনে। তাঁরা জানালেন, নতুন ঢাকার পূজায় জাঁকজমকের ঘটা থাকলেও পুরান ঢাকার পূজার পরিবেশ ও আমেজটাই আলাদা। এখানকার প্রতিমাও সুন্দর। প্রেম চন্দের স্ত্রী লতারানী বললেন, সংঘমিত্র মণ্ডপের প্রতিমা তাঁর কাছে এবার সবচেয়ে ভালো লেগেছে।
নববাণী পূজা কমিটির সাধারণ সম্পাদক রাজেশ নন্দী বললেন, গতকাল নবমী-দশমী উপলক্ষে সারা দিনই এখানে প্রসাদ বিতরণ করা হয়েছে। সন্ধ্যার পর পুরান ঢাকার বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ছিল আরতি প্রতিযোগিতা। শুক্রবার প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে দেখা গেছে, মন্দিরের সামনের সড়কের দুই পাশ দিয়ে খাজা-গজা, খেলনা ও রকমারি সামগ্রীর দোকান বসেছে। মেলার মতো আবহ। মন্দিরের মেলাঙ্গন, পুকুর পাড় ও ভেতরের চত্বর লোকজনে ঠাসা। জগন্নাথ হলের ভেতরের মন্দিরে সামনে ভক্তদের বসার জন্য চেয়ার পেতে রাখা হয়েছিল। তা ছাড়া বিশাল মাঠজুড়েও ছোট ছোট দলে বাসে গল্পসল্প করে সময় কাটিয়েছেন অনেকে। পূজা কমিটির সভাপতি ও হলের প্রাধ্যক্ষ অসীম সরকার বলেন, ‘শারদীয় উৎসবটি আবহমানকাল থেকেই আমাদের এই জনপদের একটি সর্বজনীন উৎসব। এখানে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নিয়ে থাকেন। শুভ বিজয়ার উৎসবে বিভিন্ন ধর্মের মানুষ এসেছেন আনন্দ উপভোগ করতে।’

সন্ধ্যা থেকেই রঙিন আলোয় ঝলমল করে ওঠে পূজামণ্ডপগুলো। অসুর শক্তিকে দমন করে কল্যাণের প্রতিষ্ঠায় পূজিতা দেবী কৈলাসে ফিরে গেছেন দোলায়। আজ তাঁর প্রতিমা বিসর্জন দিয়ে শারদীয় উৎসবের সমাপনী টানবেন তাঁর ভক্তরা।