বিজয়ের প্রথম দিনে রাজধানীতে বিভিন্ন কর্মসূচি
আজ ১ ডিসেম্বর। বিজয়ের মাসের প্রথম দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল বাংলা মায়ের দামাল ছেলেরা। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন সংগঠন আজ বিজয়ের মাসের প্রথম প্রভাত উদ্যাপন করবে।মুক্তিযোদ্ধা দিবস উদ্যাপন জাতীয় কমিটি দিনটিকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে উদ্যাপনের আহ্বান জানিয়েছে। রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মর্যাদা, অধিকার ও সম্মান নিশ্চিত করার দাবিতে দিনটি পালন করবে জাতীয় কমিটি। দিনটি উপলক্ষে আজ সকালে মিরপুর বীর মুক্তিযোদ্ধা কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও বেলা ১১টায় মুক্তাঙ্গণে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।যুদ্ধাপরাধীদের বিচার, চার রাষ্ট্রীয় মূল নীতির ভিত্তিতে রাষ্ট্রকে ঢেলে সাজানোর দাবিতে ঢাকাসহ সারা দেশে পতাকা মিছিল করবে কমিউনিস্ট পার্টি। পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে গিয়ে শপথ গ্রহণে যোগ দেবে। অভিন্ন কর্মসূচি পালন করবে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ।আজ সকাল সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ‘বিজয়ের মাসের প্রথম প্রভাত’ উদ্যাপন করা হবে। ‘পদক্ষেপ বাংলাদেশ’ এ আয়োজন করছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয়ের মাসের প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিট) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে সংগঠনটি।