বিটিসিএল কার্যালয়ে ত্রাণের চাল, অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের বিটিসিএল কার্যালয় (কোনাবাড়ী টেলিফোন ভবন) থেকে ত্রাণের চাল পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় কাউন্সিলর চাল বিতরণ না করে ওই অফিসে রেখে দিয়েছিলেন। পুলিশ গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে ওই চাল নিজেদের হেফাজতে নিয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, লকডাউনের সময় বেকার দিনমজুরসহ অসহায় দরিদ্রদের মধ্যে ১০ কেজি করে ত্রাণ দেয় গাজীপুর সিটি করপোরেশন। এসব ত্রাণ বিতরণের জন্য প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরের কাছে পাঠানো হয়। ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির উদ্দিন মোল্লা ওই ত্রাণের চাল বিতরণ না করে কোনাবাড়ী টেলিফোন ভবনে রেখে দেন। গত মে মাসে তিনি ওই ত্রাণের চাল সেখানে রেখে আসেন বলে জানা গেছে। কাউন্সিলরের কাছ থেকে স্লিপ নিয়ে টেলিফোন ভবন থেকে অনেকেই ওই ত্রাণের চাল নিয়ে গেছেন।

এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবুল কালাম আজাদ ওই চাল উদ্ধারের নির্দেশে দেন। গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটনের উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনসহ কয়েক পুলিশ সদস্য কোনাবাড়ী টেলিফোন ভবনে গিয়ে অভিযান চালান। পরে চাল উদ্ধার করে নিয়ে আসেন।

কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা বলেন, সময়মতো চাল বিতরণ শেষ করতে না পারায় ওই স্থানে রেখে দেওয়া হয়েছিল। এখন সেগুলো আবার বিতরণ করা হবে।

এডিএম আবুল কালাম আজাদ জানান, ওই চাল পুলিশি হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লাকে ডাকা হয়েছে।