বিটিসিএলে ক্যাজুয়ালদের কর্মসূচিতে ওয়ার্কচার্জড কর্মচারীদের একাত্মতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির ওয়ার্কচার্জড কর্মচারীরা। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার তাঁরা ক্যাজুয়াল শ্রমিকদের চলমান ‘অনড় অবস্থান’ কর্মসূচিতে যোগ দিয়েছেন। গত রোববার সকাল থেকে চাকরি স্থায়ী করার দাবিতে এ কর্মসূচি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা।গতকাল প্রচণ্ড গরম ও টানা অবস্থানের কারণে অসুস্থ হয়ে মগবাজারের পলি ক্লিনিকে ভর্তি হয়েছেন চারজন নারী কর্মচারী। এঁদের মধ্যে লতিফা বেগম ও মনোয়ারা বেগমের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। সংগঠনের প্রচার সম্পাদক এস এম সাব্বির হোসেন অভিযোগ করেন, আন্দোলনে যোগদান প্রতিহত করতে স্থানীয় বিটিসিএল কর্তৃপক্ষ সুকৌশলে উত্তরবঙ্গের শ্রমিক-কর্মচারীদের বাধা দিচ্ছেন। তিনি প্রথম আলোকে জানান, এখনো তাঁদের বেতন-ভাতা দেওয়া হয়নি। ঢাকার আন্দোলনে অংশগ্রহণে বাধা দিতে তাঁদের বেতন-ভাতা ১৫ তারিখের পরে দেওয়া হবে বলে জানানো হয়।অনড় অবস্থানে যোগদানকারী ক্যাজুয়াল কর্মচারীর সংখ্যা প্রায় এক হাজার ৭০০ এবং ওয়ার্কচার্জড কর্মচারী প্রায় তিন হাজার।সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। তিনি জানান, কর্তৃপক্ষ চায় ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারীদের মাস্টাররোলে স্থানান্তর করতে। কিন্তু এই মাস্টাররোল পদ শুধু সরকারি কার্যালয়ের জন্য কার্যকর, কোম্পানি আইনে নয়। গত সোমবার শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে টানা ছয় ঘণ্টা বৈঠক শেষেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিটিসিএল কর্তৃপক্ষ।