ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে করা দুর্নীতির দুটি মামলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আট কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক তাঁদের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।আসামিরা হলেন বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী ফকরুল হায়দার চৌধুরী, এ কে এম জাফর সাদেক, উপসহকারী প্রকৌশলী ফজলুল হক-১, ফজলুল হক-২ ও আহমেদ আলী এবং পরিদর্শক মো. ফারুক। এদের বিরুদ্ধে চার কোটি ১৭ লাখ ৩২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদক ২০০৮ সালের ২১ ডিসেম্বর রমনা থানায় এই মামলা করেন।পৃথক মামলার আসামিরা হলেন বিভাগীয় প্রকৌশলী মোস্তফা হানিফ চৌধুরী ও শাহজাহান মিয়া। এই দুজনের বিরুদ্ধে তিন কোটি ৭৮ লাখ ছয় হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২১ ডিসেম্বর রমনা থানায় এই মামলা করা হয়। আসামিরা প্রত্যেকেই হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।বিটিসিএলের চেয়ারম্যানের পক্ষে আয়-ব্যয়ের হিসাব নিয়ন্ত্রণ করেন সংস্থার পরিচালক। কিন্তু অনুসন্ধানকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই পদের কাউকে জিজ্ঞাসাবাদ করেনি। আসামিরা হাইকোর্ট থেকে অভিযোগপত্র দাখিলের আগ পর্যন্ত জামিনে আছেন। অভিযোগপত্র দেওয়ার পরপরই আসামিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। একই অভিযোগে অন্য মামলায় আসামিরা সংশ্লিষ্ট আদালত থেকে জামিনে আছেন। সার্বিক বিবেচনায় আসামিরা জামিন পেতে পারেন। দুদকের আইনজীবী মোশারফ হোসেন জামিনের বিরোধিতা করে বলেন, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তাঁদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের নির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই আসামিরা জামিন পেতে পারেন না। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।