বিডিআর বিদ্রোহের তদন্তে প্রকৃত দোষীদের আড়াল করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের তদন্তে প্রকৃত দোষীদের আড়াল করা হয়েছে দাবি করে বিএনপির নেতারা বলেছেন, তাঁরা ক্ষমতায় এলে নতুন করে তদন্ত করা হবে।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘পিলখানা হত্যাকাণ্ড ও নেপথ্যে’ শীর্ষক এক আলোচনা সভায় বিএনপির নেতারা এ কথা বলেন। ‘সচেতন নাগরিক পরিষদ’ এ সভার আয়োজন করে। নতুন করে তদন্ত হলে বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তত্কালীন সেনাপ্রধান মইন উ আহমেদ দায়িত্বে অবহেলার জন্য অভিযুক্ত হবেন বলে মন্তব্য করেন আলোচনায় অংশ নেওয়া বিএনপির নেতা ও দলটির সমর্থক হিসেবে পরিচিত বুদ্ধিজীবীরা। আলোচকেরা দাবি করেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় সরকারি দলের মন্ত্রী-সাংসদেরা জড়িত। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে প্রকৃত দোষীদের আড়াল করা হয়েছে। বিএনপির নেতা সাবেক সেনা কর্মকর্তা হান্নান শাহ বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বিদ্রোহী বিডিআর সদস্যদের বৈঠকের আগেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা সেনা কর্মকর্তাদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছিল। তার পরও প্রধানমন্ত্রী খুনিদের সাধারণ ক্ষমা করেছেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিদ্রোহীদের নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন বলে মন্তব্য করেন হান্নান শাহ।বিডিআরের সাবেক মহাপরিচালক মে. জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান বিদ্রোহের সঙ্গে ভারতের যোগসূত্র আছে বলে দাবি করেন। সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা হামিদুল্লাহ খান, মাহবুব উল্লাহ, বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন, সৈয়দা আসিফা আশরাফী, নিলুফার চৌধুরী প্রমুখ।