বিতর্ক চর্চা সমাজে সত্য প্রতিষ্ঠা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতার্কিকেরা কখনো মিথ্যাকে প্রশ্রয় দেয় না। সব সময়ই তারা সত্যের চর্চা করে। সত্য দিয়েই জয়ী হতে চায় সবখানে। যারা বিতর্ক করে তারা আবেগে নয়, যুক্তিতে আস্থা রাখে। বিতার্কিকেরা সত্য চর্চা করে এবং নানান বিশ্লেষণের মধ্য দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করে। গতকাল মঙ্গলবার দুপুরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘স্যান্ডালিনা-প্রথম আলো ভিকারুননিসা ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তাঁরা বলেন, জ্ঞান বৃদ্ধির জন্য, পূর্ণাঙ্গ ব্যক্তিতে রূপান্তরিত হওয়ার জন্য বেশি জানতে হয়। এই জানার পথে বিতার্কিকেরা এক ধাপ এগিয়ে। তারা কথা বলায় দক্ষ, যুক্তিতে সমৃদ্ধ, বুদ্ধি-মননে উন্নত।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আহমেদ। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আকতার বেগম।৫ম শিশু, ১৫তম স্কুল, ৫ম কলেজ এবং ১৩তম আন্তক্লাব এই বিতর্ক প্রতিযোগিতার কর্মশালা ও মহড়া বিতর্ক অনুষ্ঠিত হয় ১৪ ও ১৫ জানুয়ারি। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুন নূর তুষার ও সুদীপ রঞ্জন দে। মহড়া বিতর্কে অংশ নেন দেশের প্রথিতযশা বিতার্কিকেরা। এই প্রতিযোগিতায় শিশু বিভাগে ২০টি দল, স্কুল বিভাগে ৩০টি দল অংশ নেয়। এ ছাড়া কলেজ বিভাগে ২০টি এবং ক্লাব পর্যায়ে ২০টি দল অংশ নেয়। ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় তিন শ বিতার্কিক উপস্থিত ছিল। আজ মূল প্রতিযোগিতা শুরু হচ্ছে।