বিতার্কিকেরা বুদ্ধিবৃত্তিক তর্কের মাধ্যমে সত্যের সন্ধান করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতার্কিকেরা বুদ্ধিবৃত্তিক তর্কের মাধ্যমে সত্যের সন্ধান করে, নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিন দিনব্যাপী প্রথম আলো-ট্রাস্ট ব্যাংক রাজউক উত্তরা মডেল কলেজ বিতর্ক উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।রাজউক কলেজ মিলনায়তনে রাজউক কলেজ বিতর্ক ক্লাব আয়োজিত এ উৎসবে স্কুল ও কলেজপর্যায়ে বাংলা ও ইংরেজি মাধ্যমের বিতর্কে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭২টি দল নিবন্ধন করে। গতকাল ইংরেজি বিতর্কের প্রথম ও দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম হোসেন সরকার বলেন, শিক্ষার্থীদের সিলেবাসভিত্তিক পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে বিশ্বব্যাপী জ্ঞানার্জনের পথ খুলে দেয় বিতর্কচর্চা। ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার বলেন, বিতার্কিকেরা অন্যের যুক্তি আগে শুনে তারপর নিজের বুদ্ধিবৃত্তিক যুক্তি উপস্থাপনের মাধ্যমে তর্কযুদ্ধের চর্চা করে। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বিতর্কের মাধ্যমে বর্তমানে তরুণদের মাঝে যুক্তিভিত্তিক চিন্তার যে প্রসার ঘটছে, তা দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, প্রথম আলো পত্রিকা প্রকাশের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তরুণদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এই কলেজ বিতর্ক ক্লাবের মডারেটর শারমীন রহমান। আজ উৎসবের দ্বিতীয় দিনে স্কুল ও কলেজপর্যায়ের বাংলা ও ইংরেজি মাধ্যমের বিতর্ক অনুষ্ঠিত হবে। শনিবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিতর্ক উৎসবের শেষ হবে।উৎসবের প্রচার সহযোগী ছিল এবিসি রেডিও এবং চ্যানেল আই। অনলাইন সহযোগিতায় ছিল প্রথম আলো ডট কম। সার্বিক সহযোগিতায় ছিল রাজউক উত্তরা মডেল কলেজ, ট্রাস্ট ব্যাংক ও প্রথম আলো।