বিদায়বেলায় জম্পেশ বেচাকেনা
মানুষের ঢল, নতুন বই প্রকাশের জোয়ার, মোড়ক উন্মোচনের হিড়িক, ছবি তোলার হুজুগ—সব মিলিয়ে গতকাল শুক্রবারই অনানুষ্ঠানিক বিদায়পর্ব হয়ে গেল এবারের অমর একুশে বইমেলার। মেলার শেষ শুক্রবার, বেলা ১১টা থেকে শুরু হয়েছিল মেলা। তবে জনস্রোত শুরু হয় দুপুরের পর থেকে। যেমন বরাবর ঘটে শেষ ছুটির দিনে, তাই হয়েছে। দক্ষিণে দোয়েল চত্বর থেকে টিএসসি হয়ে শাহবাগ মোড় পর্যন্ত পুরো এলাকা জনাকীর্ণ। সোহরাওয়ার্দী উদ্যানে মেলার নির্ধারিত অংশের বাইরেও গাছগাছালির তলায়, সামনের সড়কের দুই পাশে ফুটপাতজুড়ে বসে গিয়েছিল হরেক রকম পণ্যের পসরা। ফলে সৃষ্টি হয়েছিল গ্রামীণ মেলার আবহ।
গতকাল বিক্রিও বেশ ভালো হয়েছে বলেই জানালেন প্রকাশক ও বিক্রয় প্রতিনিধিরা। তবে বইয়ের মান নিয়ে অতৃপ্তি রয়েই যাচ্ছে। দিব্যপ্রকাশের স্টলে কথা হলো কথাশিল্পী ও প্রকাশক মঈনুল আহসান সাবেরের সঙ্গে। তিনি বললেন, মেলায় এবার সিরিয়াস ধরনের বই প্রকাশিত হয়েছে কম, বিক্রিও তুলনামূলক কম। বিশেষ করে উপন্যাস, কবিতার প্রকাশ ও বিক্রির ক্ষেত্রে লেখার মানের চেয়ে লেখকদের ফেসবুকের ছবি আর পোস্টের গুরুত্ব বেশি পাচ্ছে। এর আগে কয়েক বছর ব্লগভিত্তিক লেখকদের বই বিক্রির একরকমের চল তৈরি হয়েছিল। সেই ঢেউ এখন খানিকটা স্তিমিত। এখন চলছে ফেসবুকের ঢেউ। যাঁদের ফ্যান, অনুসারী বেশি, তাঁদের বিক্রি বেশি। এবারের মেলায় তাঁর নতুন কোনো বই আসেনি। দিব্য থেকে ইতিহাস ও অন্যান্য বিষয়ে বেশ কিছু নতুন বই এসেছে। এর মধ্যে আছে কাবেদুল ইসলামের লেখা রাজধানী ঢাকার প্রতিষ্ঠাতা সুবাদার ইসলাম খান চিশতী, আল মারুফ রাসেল অনূদিত কালিকিঙ্কর দত্তের আলীবর্দী খান ও তার সময়, সরদার আবদুর রহমানের ইতিহাসের বিতর্কে গজনির সুলতান মাহমুদ ও ভারত অভিযান ইত্যাদি।
নতুন বই
গতকাল মেলায় নতুন বই এসেছে ৩১২টি। প্রথমার স্টলে গতকাল কাজী আনোয়ার হোসেনের আমিই মাসুদ রানা, সফিকুন্নবী সামাদী অনূদিত মীনা কুমারীর কবিতা, গোলাম মুরশিদের বাংলা গানের ইতিহাস বইগুলো ভালো চলেছে। অন্য নতুন বইয়ের মধ্যে পুথিনিলয় এনেছে রাতুল কৃষ্ণ হালদারের প্রতিদিনের জীবনযাপনের অভিজ্ঞতা নিয়ে বিচিত্র আঙ্গিকে লেখা কাব্যগ্রন্থ বারে বারে ফিরে আসি এবং ছোটগল্পগ্রন্থ নির্বাচিত ছোটগল্প। বাস্তব জীবনের নানা ঘটনাকেই সাবলীল ভঙ্গিতে গল্পের আকারে তুলে এনেছেন তিনি।
এ ছাড়া বাউন্ডুলে এনেছে কবি আসাদ চৌধুরীর লেখা জীবনীগ্রন্থ আবুল হাশিম, বেহুলা বাংলা এনেছে হাসান ইমামের কাব্য সারমর্মের শূন্যতায় ‘সে’, কথন এনেছে জাহিদুল হকের কাব্য মিকেলাঞ্জেলোগুচ্ছ ও অন্যান্য সনেট, সুবর্ণ এনেছে আবদুল গাফ্ফার চৌধুরীর প্রবন্ধ নিরুদ্দিষ্ট নয় মাস, গ্রন্থিক এনেছে আনু মুহাম্মদের প্রবন্ধ ইলিয়াস ও প্রশ্নের শক্তি, স্বপ্ন ৭১’ এনেছে সাইদুর রহমানের রহস্য উপন্যাস বিধ্বংসী প্রহর, জনপ্রিয় প্রকাশন এনেছে লোকসংস্কৃতিবিষয়ক হারেছ–উজ–জামান সম্পাদিত গঞ্জের আলীর উত্তরবঙ্গের আঞ্চলিক তাঁতের গান, আদর্শ এনেছে গৌতম দাসের প্রবন্ধ তালেবান ও আফগানিস্তান।
‘মার্কিন দলিলে বঙ্গবন্ধু ও চার নেতা হত্যাকাণ্ড’
বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতার হত্যাকাণ্ড নিয়ে মার্কিন দলিলপত্রে সংরক্ষিত অনেক গোপন তথ্য মিজানুর রহমান খান প্রথমবারের মতো এ বইয়ে তুলে ধরেছেন। তাঁর একাগ্র চেষ্টা ও কঠিন পরিশ্রম ছাড়া হয়তো এ তথ্যগুলো কোনো দিনই আমরা জানতে পারতাম না। বইটি পড়লে আমরা আমাদের ইতিহাসের এক কৃষ্ণ অধ্যায় সম্পর্কে এমন কিছু তথ্য জানতে পারব, যা হয়তো আমাদের ধারণারও অতীত ছিল। লেখাগুলো এর আগে প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল। সব কটি লেখা একত্র করে মার্কিন দলিলে বঙ্গবন্ধু ও চার নেতা হত্যাকাণ্ড বইটি প্রথমা প্রকাশন নিয়ে এল এবারের বইমেলায়।
মিজানুর রহমান খান তিন দশকের বেশি সময় সাংবাদিকতা করেছেন। বিচার বিভাগ ও সাংবিধানিক বিষয় নিয়ে তাঁর গভীর অনুসন্ধানী ও গবেষণাধর্মী লেখাগুলো সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। বইটি কেবল সাধারণ পাঠকের কৌতূহল নিবৃত্তি ও বাড়তি কৌতূহলের জন্ম দেবে না, গবেষকদেরও প্রয়োজন মেটাবে।