বিদেশ থেকে পথ্য আনার বিরোধিতা পুষ্টিবিদদের
তীব্র অপুষ্টির শিকার শিশুদের জন্য বিদেশ থেকে সম্পূর্ণ প্রস্তুত পথ্য (আরইউটিএফ) আনার বিরোধিতা করেছেন শীর্ষস্থানীয় পুষ্টিবিদেরা। গতকাল বুধবার রাজধানীর জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে আয়োজিত এক আলোচনা সভায় তাঁরা আরইউটিএফ ইস্যুতে জাতিসংঘ শিশু তহবিলসহ আন্তর্জাতিক বেশ কিছু সংস্থার সমালোচনা করেছেন। বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এম আর খান। তিনি বলেন, ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ এবং পরে বাড়িতে তৈরি পুষ্টিকর পরিপূরক খাবার খাওয়ালে শিশু আর তীব্র অপুষ্টিতে আক্রান্ত হবে না।অধ্যাপক এম কিউ কে তালুকদার অভিযোগ করেন, ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান পুষ্টি ইস্যুতে দেশীয় পুষ্টিবিদদের এড়িয়ে সরাসরি নীতিনির্ধারকের কাছে চলে যান এবং আমদানিনির্ভর ব্যয়বহুল পথ্য কিনতে রাজি করান।অন্যদিকে, ইউনিসেফের পুষ্টি বিশেষজ্ঞ মহসীন আলী বলেন, ইউনিসেফ কোনো বিশেষ প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য এই খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছে না।আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিবিএফের চেয়ারম্যান এস কে রায় বলেন, বাড়িতে তৈরি খাবার দূরে ঠেলে আমদানিনির্ভর খাবার সরবরাহের যুক্তি নেই।পুষ্টিবিদ খুরশীদ তালুকদার বলেন, আরইউটিএফের আবিষ্কারক বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন সাবেক পরামর্শক এবং ইউনিসেফ সব সময় আরইউটিএফ কিনছে শুধু ফ্রান্সের নিউট্রিসেফের কাছ থেকে। কাজেই এ নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে। আইসিডিডিআরবির পুষ্টি বিভাগের প্রধান তাহমিদ আহমেদ বলেন, বাংলাদেশে পাঁচ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এই শিশুদের বাঁচাতে আরইউটিএফ দরকার, তবে তা অবশ্যই দেশে তৈরি হতে হবে এবং এর মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকতে হবে। উল্লেখ্য, আরইউটিএফ বাদাম দিয়ে তৈরি এক ধরনের সম্পূর্ণ প্রস্তুত খাবার। ইউনিসেফ এই খাদ্যের বৃহত্তম ক্রেতা। বাংলাদেশের উপকূলীয় কয়েকটি জেলায় বেসরকারি সংস্থা শিশুদের এই খাবার সরবরাহ করছে। গতকাল আরইউটিএফ নিয়ে আলোচনায় আরও বক্তব্য দেন কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক মাখদুমা নার্গিস, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি আবদুল মান্নান, ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক আজাদ চৌধুরী প্রমুখ।