বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার বিধি জারি না করার দাবি
বাংলাদেশে বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালনাসংক্রান্ত বিধিমালা, ২০১২ সম্পর্কে আপত্তি জানিয়ে তা জারি না করার দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। সমিতির নেতাদের দাবি, এই বিধিমালা জারি হলে দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অচলাবস্থা সৃষ্টি হবে।গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সমিতির নেতারা এ দাবি জানান। ‘রুলস ফর অপারেশন অব ফরেন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস ইন বাংলাদেশ’ শীর্ষক এ বৈঠকে বক্তারা বলেন, বিধিমালাটি জারি হলে দেশজ সংস্কৃতিতে গড়ে ওঠা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা ব্যাহত হবে এবং দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি একক বা যৌথ মূলধনি বাণিজ্যিক পরিবেশ তৈরি হবে।গোলটেবিলে বক্তারা বলেন, সমিতি মনে করে, দেশে বিদেশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে হলে তা স্বয়ংসম্পূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে হবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুসারে সেটি হতে হবে। এগুলোর জন্য আলাদা করে বিধিমালা তৈরি করা ঠিক হবে না। বক্তারা আরও বলেন, দেশে বিদ্যমান বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর শাখা ক্যাম্পাস পরিচালনায় সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালনাসংক্রান্ত বিধিমালাটি ‘বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের’ শাখা, প্রোগ্রাম, কেন্দ্র বা এজেন্সি প্রতিষ্ঠা ও পরিচালনাকে উৎসাহিত করবে।গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের (আইইউবিটি) অধ্যাপক মুজিবুর রহমান খান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান আবুল কাশেম হায়দার। এ সময় নর্দান ইউনিভার্সিটির উপাচার্য এম শামসুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, ইবাইস বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আরিফুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।