বিদেশি পত্রিকায় প্রকাশিত মুক্তিযুদ্ধের সংবাদ ক্লিপিং এখন ওয়েবসাইটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে জাপানসহ বিভিন্ন দেশের পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ক্লিপিংস এবং মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের কিছু দলিল এখন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। যুদ্ধের সময় জাপানে বসবাসকারী বাঙালি তরুণ শেখ আহমেদ জালাল এসব ক্লিপিংস সংগ্রহ করেছিলেন। ২০০৩ সালে আকস্মিক মৃত্যুর পর তাঁর পরিবারের পক্ষ থেকে এসব মূল্যবান ক্লিপিং ও দলিল মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।রোববার বিকেলে জাদুঘর প্রাঙ্গণে বিজয় উৎসবের অনুষ্ঠানমালার অংশ হিসেবে ডিজিটাল আর্কাইভ চালুর ঘোষণার পর আর্কাইভে সংরক্ষিত এসব দলিল ও ক্লিপিং উপস্থাপন করা হয়। ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে— www.archives.liberationwarmuseum.org। অনুষ্ঠানে লন্ডন প্রবাসী আরেক বাঙালি আবদুল মতিনের সংগ্রহ করা ক্লিপিংস ও দলিলও প্রদর্শন করা হয়। আবদুল মতিন মুক্তিযুদ্ধের সময় ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিখ্যাত পত্রপত্রিকায় ছাপা হওয়া সংবাদ সংগ্রহ করে মুক্তিযুদ্ধ জাদুঘরে দিয়ে দেন। মুক্তিযুদ্ধ জাদুঘর এগুলো বাঁধাই করে পাঁচ খণ্ডে সংরক্ষণ করেছে। আবদুল মতিন বিদেশি যেসব পত্রিকার মুক্তিযুদ্ধসংক্রান্ত প্রতিবেদন সংগ্রহ করেছিলেন, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংবাদপত্র হলো—ডেইলি টেলিগ্রাফ, ফিন্যানশিয়াল এক্সপ্রেস, ফিন্যানশিয়াল টাইমস, দ্য টাইমস, নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, দ্য ইকোনমিস্ট প্রভৃতি। জাদুঘর কর্তৃপক্ষ থেকে জানা গেছে, শেখ জালালের সংগ্রহের মধ্যে জাপানি ভাষার দৈনিক ইয়োমিউরি শিম্বুন, আসাহি শিম্বুন ও মাইনিচিজ শিম্বুন-এর প্রচুর সংবাদ ক্লিপিংস রয়েছে। এ ছাড়া ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সানডে টাইমস, ডেইলি এক্সপ্রেস, ডেইলি মিরর, ডেইলি টেলিগ্রাফ, ফিন্যানশিয়াল টাইমসসহ বিভিন্ন পত্রিকার ক্লিপিং রয়েছে।