বিদেশি পিস্তল শতাধিক গুলিসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাসাবো এলাকার একটি বাসায় গত বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, শতাধিক গুলিসহ বশির আহমেদ (৫৫) ও তানভীর ইসলাম (৪২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবি সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার ছানোয়ার হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল ৫৪ নম্বর মধ্য বাসাবোর একটি বাড়ির নিচতলায় অভিযান চালায়। ডিবির দলের সদস্যরা ওই বাসা থেকে দুটি পিস্তল ও শতাধিক গুলি উদ্ধার করেন। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বশির ও তানভীরকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ তাঁদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রের লাইসেন্স এবং কিছু সরকারি কর্মকর্তার সিল উদ্ধার করেছে।ডিবির কর্মকর্তা ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অবৈধ অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত। তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।