বিদেশি মুদ্রাসহ শহিদুল আলম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার তাঁকে পুলিশের হাতে তুলে দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। শুক্রবার গভীর রাতে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ এই যাত্রীকে আটক করা হয়। ৩২ লাখ টাকার সমমানের সৌদি রিয়াল ও দিরহাম নিয়ে তিনি দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন। বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। শহিদুল আলমের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকায়। তিনি একজন ইলেকট্রিক ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। উদ্ধার করা মুদ্রাগুলোর মধ্যে ১ লাখ ৫৬ হাজার ২০৫ সৌদি রিয়াল ও ৩১ হাজার ৫৭ দিরহাম রয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মঈনুল খান জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমান বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছিল। আলম ওই বিমানের যাত্রী ছিলেন।