বিদেশে চাকরি দেওয়ার নামে পরামর্শক প্রতিষ্ঠানের প্রতারণা
‘আইইএলটিএস বা টোয়েফলের দরকার নেই’, ‘আগে আবেদন করলে আগে সফল হবেন’, ‘সপরিবারে বিদেশে যাওয়ার সুযোগ’, ‘ফ্রি সেমিনার’।বাক্যগুলো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার বিল্ডার্স প্রাইভেট লিমিটেড (আইসিবি) নামের একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ইংরেজি ভাষার অনুবাদ। পত্রিকায় এ রকম একটি বিজ্ঞাপন দেখে সপরিবারে নিউজিল্যান্ডে যাওয়ার জন্য দুই লাখ টাকা দিয়েছিলেন তরুণ স্থপতি তন্ময় চক্রবর্তী। যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য মো. মুহসিনও দিয়েছিলেন প্রায় একই অঙ্কের টাকা। কিন্তু কিছুদিন পর আইসিবিই লাপাত্তা হয়ে যায়।সাজ্জাদ হোসেন নামের আরেকজনের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা নিয়েছিলেন আইসিবির কর্মকর্তারা, তাঁকে অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার কথা বলে। সাজ্জাদ জানান, প্রায় ৩০০ লোকের কাছ থেকে আইসিবি এভাবে টাকা নিয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় এ ব্যাপারে জিডি করা আছে।বিদেশে চাকরির কথা বলে এভাবে প্রতারণা সম্পর্কে জানতে চাইলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক সেলিম রেজা প্রথম আলোকে বলেন, এ রকম অভিযোগ তাঁদের কাছেও আসে। কিন্তু তাঁদের কিছু করার থাকে না। কারণ, যে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ, তার একটিও রিক্রুটিং এসেন্সি হিসেবে লাইসেন্সধারী নয়। আর দেশের আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া এ ধরনের কাজ করা বেআইনি, দণ্ডনীয়। সেলিম রেজা আরও বলেন, একটি প্রতিষ্ঠান শুধু লাইসেন্সধারী হলেই চলবে না, প্রতিষ্ঠানের ব্যবসাসংক্রান্ত তথ্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করার আগে অবশ্যই প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় অথবা বিএমইটি থেকে অনুমোদন নিতে হবে। যাঁরা বিদেশে যেতে চান, তাঁদের অবশ্যই এগুলো যাচাই-বাছাই করে টাকা দেওয়া উচিত। তাঁরা লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির ঠিকানাসহ তালিকা বিএমইটি কার্যালয় থেকে সংগ্রহ করতে পারেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মাহমুদ অভিযোগ করেছেন, কানাডায় একটি রেস্তোরাঁয় চাকরি দেওয়ার কথা বলে সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালট্যান্টস লিমিটেডের কর্মকর্তারা তাঁর কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়েছেন। কথা ছিল, ২০১২ সালের ডিসেম্বরে তাঁকে কানাডায় পাঠানো হবে। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও কর্মকর্তারা কোনো কিছু জানাচ্ছেন না। যোগাযোগ করেও স্পষ্ট কোনো জবাব পাওয়া যাচ্ছে না।মাহমুদের অভিযোগের ভিত্তিতে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. কায়কোবাদ বলেন, ‘আসলে আমরা যা করছি, বাংলাদেশের আইন অনুযায়ী এটা যে বৈধ নয়, তা আমরা জানি। কিন্তু অন্যরা যেহেতু করছে, তাই আমরাও করছি। তার পরও আমি রিক্রুটিং লাইসেন্সের জন্য আবেদন করেছি।’উপরোক্ত দুটি প্রতিষ্ঠানের মতো বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রাকাশিত বেশ কয়েকটি বিজ্ঞাপন সংগ্রহ করে অন্তত ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়। বিদেশে চাকরির কথা বলে বিজ্ঞাপন দিলেও এর একটিরও রিক্রুটিং লাইসেন্স নেই বলে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা স্বীকার করেছেন। কারও কারও দাবি, এ কাজের জন্য যে রিক্রুটিং লাইসেন্স লাগে, সরকারের অনুমোদন নিতে হয়, তা তাঁরা জানেন না।ভুক্তভোগীরা জানান, কোনো কোনো প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রথমেই বেশি টাকা চায় না। প্রথমে সাত-আট হাজার টাকা নেয়। তারপর নেয় ৪০-৪৫ হাজার টাকা। প্রার্থীর সংখ্যা বেশি হলে এর পরই অফিস গুটিয়ে সরে পড়ে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান প্রথমেই কয়েক লাখ টাকা নেয়। তাদের প্রার্থীসংখ্যা কম হলেও টাকার পরিমাণ বেশি হয়। এরপর তারা অফিস গুটিয়ে চলে যায়। কোনো কর্মকর্তার মুঠোফেনেও আর তাঁদের পাওয়া যায় না।খোঁজ নিয়ে জানা য়ায়, আগে বিদেশে শিক্ষার্থী পাঠানোর নামে প্রতারণা হতো বেশি। এখন চাকরি দেওয়ার নামে প্রতারণা বেড়েছে।