বিদেশে ছাত্র পাঠানোর নামে প্রতারণা, সাতজন আটক
উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিল একটি চক্র। র্যাব-৩-এর মগবাজার ক্যাম্পের একটি গোয়েন্দা দল এ অভিযোগে রাজধানীর দুটি প্রতিষ্ঠান থেকে গতকাল সোমবার সাতজনকে আটক করেছে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। অভিযান পরিচালনাকারী র্যাব-৩-এর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খালিদ শামস বলেন, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে এক্সট্রিম ও এক্সট্রা কনসার্ন নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। কোনো অনুমতি না থাকলেও এ দুটি প্রতিষ্ঠান বিদেশে ছাত্র পাঠানোর নামে প্রতারণা করে আসছিল। প্রতিষ্ঠান দুটি থেকে সাতজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছে ১১টি পাসপোর্ট পাওয়া গেছে। র্যাব-৩-এর কর্মকর্তা লেফটেন্যান্ট জাররার হোসেন খান জানান, আটক সাতজনের মধ্যে তিনজন কাকরাইলের এক্সট্রিম নামের প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তাঁরা হলেন প্রতিষ্ঠানের মালিক মাহবুবুর রহমান (২৫), মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ হাসান (২৬)। এ ছাড়া হাতিরপুলের এক্সট্রা কনসার্ন নামের অপর প্রতিষ্ঠান থেকে মিজানুর রহমান (৩৫), মোহাম্মদ আলী (২২), মোহাম্মদ হাবিবুল্লাহ (৩২) ও নাজমুল হাসানকে আটক করা হয়। জাররার হোসেন আরও জানান, দীর্ঘদিন ধরে কিছু প্রতিষ্ঠান বিদেশে ছাত্র পাঠানোর নামে প্রতারণা করছে। এগুলো বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ছাত্র পাঠানোর নামে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।