ইউনাইটেড ফরেন অ্যাডমিশন নামের একটি প্রতিষ্ঠান বিদেশে শিক্ষার্থী পাঠানোর নামে ১৫ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার শিক্ষার্থী ও অভিভাবকেরা এ অভিযোগ করেন। তাঁরা ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাহবুব হোসেন ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।প্রতারণার শিকার শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষে সংবাদ সম্মেলনে সোহেল আহসান বক্তব্য দেন। তিনি বলেন, রাজধানীর পল্টনের সুরমা টাওয়ারে ইউনাইটেড ফরেন অ্যাডমিশনের কার্যালয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির ভিসা দেওয়ার বিজ্ঞাপন দেয়। এতে আকৃষ্ট হয়ে বিদেশ যাওয়ার আশায় শতাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী তিন থেকে ১২ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত মাহবুব ও তাঁর সহযোগীরা কাউকে বিদেশ না পাঠিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছেন। এভাবে অন্তত ১৫ কোটি টাকা আত্মসাৎ করেছে ওই প্রতিষ্ঠানটি। এ নিয়ে পল্টন থানায় একাধিক মামলা হয়েছে। ফয়সাল নামে মাহবুবের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে মাহবুব এখন বিদেশে পালিয়ে আছেন। তাঁর অন্য সহযোগীরাও গা ঢাকা দিয়েছেন। তিনি তাঁদের গ্রেপ্তারের দাবি জানান।সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার ২০-২৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাঁদেরই একজন আবুল খায়ের বলেন, তিনি বিদেশে পড়তে যাওয়ার জন্য মাহবুবকে ছয় লাখ টাকা দিয়েছিলেন। বিদেশ যেতে না পেরে তিনি টাকা ফেরত চান। তাঁকে একটি চেক দেওয়া হয়। কিন্তু ব্যাংকে গিয়ে ওই চেকের বিপরীতে তিনি কোনো টাকা পাননি (চেক ডিজঅনার হয়েছে)।