আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, বিদ্বেষের রাজনীতি ফরমালিনের বিষের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে। রাজনীতির বিষাক্ত ছোবল থেকে ১৫ কোটি মানুষ রেহাই পাচ্ছে না।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু মঞ্চ আয়োজিত আলোচনা সভায় গতকাল সোমবার তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘উইকিলিকস আমাদের দেশের কিছু গোপন বার্তা ফাঁস করে ভূমিকম্পের মতো আতঙ্ক তৈরি করেছে। অনেক নেতার সততা, পরিপক্বতা, স্বচ্ছতা ও মর্যাদা বড় মাপের প্রশ্নের সম্মুখীন হয়েছে।’ তিনি পারস্পরিক বিষের বাষ্প না ছড়িয়ে জাতীয় সংসদে এসে অভিন্ন জাতীয় স্বার্থে সমঝোতায় উপনীত হওয়ার জন্য প্রধান বিরোধী দলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সমঝোতা কঠিন হলেও অসম্ভব নয়। তা না হলে তিক্ততা, অবিশ্বাস ও রক্তক্ষরণ বাড়বে। রাজনীতিবিদদের মর্যাদার স্বার্থে একটি সমঝোতায় পৌঁছানো অতি জরুরি বলে ওবায়দুল কাদের মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি নিয়াজ মুহাম্মদ খান, ওলামা লীগের সভাপতি ইলিয়াস বিন হেলালী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।