বিদ্যালয়গুলোতে ভর্তির তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির তোড়জোড় শুরু হয়েছে। ফরম বিতরণ শেষে এখন শুরু হয়েছে ভর্তির বাছাই পর্ব। গতকাল শনিবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ভর্তির লটারি শুরু হয়েছে। রাজধানীর ২৪টি সরকারি বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা আজ রোববার থেকে শুরু হচ্ছে। প্রথম দিনে ‘ক’ গুচ্ছের আটটি বিদ্যালয়ের পরীক্ষা হবে। বিদ্যালয়গুলোকে ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিনটি গুচ্ছে ভাগ করা হয়েছে। যথাক্রমে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রথম শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ ডিসেম্বর।সরকারি নীতিমালা অনুযায়ী এবার সরকারি-বেসরকারি দুই ধরনের বিদ্যালয়েই প্রথম শ্রেণীতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত লিখিত পরীক্ষায় শিক্ষার্থী বাছাই করতে হবে।আইডিয়াল স্কুল: এই বিদ্যালয়ে এবারই প্রথমবারের মতো লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। পরিচালনা পরিষদের সভাপতি সাংসদ রাশেদ খান মেনন লটারি উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহান আরা বেগম। প্রথম দিনে আইডিয়ালের মূল ক্যাম্পাসে বালিকা শাখায় ভর্তি হতে ইচ্ছুক শিশুদের লটারির ড্র হয়। সকালে ৬০ ভাগ্যবান শিশুর ভাগ্য নির্ধারণ করেন অভিভাবকেরাই। যারা লটারিতে বিজয়ী হয় তাদের নাম তাৎক্ষণিকভাবে কয়েকটি বড় পর্দায় প্রদর্শন ও বিকেলে পুরো তালিকা বিদ্যালয়ের দেয়ালে টানিয়ে দেওয়া হয়। বিকেলে কলোনি কোটা ও ইংরেজি সংস্করণের লটারি হয়। অধ্যক্ষ জানান, আজ রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রথম শ্রেণীর বিভিন্ন শাখা ও কোটার লটারি অনুষ্ঠিত হবে। অন্যান্য শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ও ২৪ ডিসেম্বর। ভিকারুননিসা নূন স্কুল: ভিকারুন নিসায় এবার দ্বিতীয়বারের মতো লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। বিদ্যালয়ের মূল শাখায় গতকাল এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক। লটারি-কার্যক্রম শুরুর পর অভিভাবকদের কয়েকজন অনিয়মের অভিযোগ তুললে উত্তেজনার সৃষ্টি হয়। বিদ্যালয়ের সামনে অপেক্ষমাণ অভিভাবক সবাইকে ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। তবে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবেই শেষ হয় লটারি। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বক্তব্য দেন। আজ রোববার ও কাল সোমবার মূল ও বিভিন্ন শাখার লটারি হবে।অধ্যক্ষ মঞ্জু আরা বেগম প্রথম আলোকে বলেন, এবার প্রথম শ্রেণীতে এক হাজার ৪৯৪টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর বিপরীতে ফরম বিতরণ করা হয়েছিল ১৩ হাজার। বাছাইয়ের পর চূড়ান্ত প্রতিযোগী হয় ১০ হাজার ১০০।