বিদ্যালয়ের জায়গায় বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের কাজীফরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট জায়গার পরিমাণ এক একর ৮৫ শতাংশ। বিশাল এই জমি থাকা সত্ত্বেও স্কুলে পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই। নেই খেলার মাঠ। দুই দফায় স্কুলটির নতুন ভবন নির্মাণের জন্য অর্থ অনুমোদন হলেও জায়গার অভাবে নতুন ভবন বানানো যাচ্ছে না। কারণ, স্কুলটির সিংহভাগ জায়গাই দখল করে রেখেছে স্থানীয় একটি মহল। এলাকাবাসী জানিয়েছে, কাগজে-কলমে স্কুলটির নামে জায়গা থাকলেও সেটি দখল করে বস্তির মতো ছোট ছোট অসংখ্য ঘর বানিয়ে ভাড়া দিয়ে হাজার হাজার টাকা আদায় করা হচ্ছে। ফলে স্কুলের লেখাপড়ার পরিবেশও নষ্ট হচ্ছে। স্থানীয় লোকজন সরকারি জমি উদ্ধার করে অবকাঠামো উন্নয়নসহ বিদ্যালয়ের সুন্দর পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছে। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সামনে সামান্য একটু জায়গা। তার সামনে ও পাশে বস্তির মতো পরিবেশ। ছোট ছোট ঘরে অসংখ্য মানুষের বসবাস। তারা সেখানে ভাড়া থাকে। অন্যদিকে স্থানাভাবে দোতলার বিদ্যালয়টিতে গাদাগাদি করে ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে পড়াশোনা করছে। বিদ্যালয় ঘেঁষে বস্তি গড়ে ওঠায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক আবুল কাসেম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ে বর্তমানে প্রায় ১২০০ শিক্ষার্থী। শ্রেণীকক্ষে পর্যাপ্ত জায়গা নেই। জায়গার অভাবে নতুন ভবনও করা যাচ্ছে না। জমির রেকর্ড বিদ্যালয়ের নামে। অথচ অন্যরা দখল করে আছে।’মিরপুর ১ নম্বর সেকশনের গুদারাঘাট এলাকার কাজীফরি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৩ সালে জাতীয়করণ হয়। এই এলাকায় আগে থেকেই (১৯৫৯ সালে) সরকারিভাবে অধিগ্রহণ করা এক একর ৮৫ শতাংশ জমি বিদ্যালয়ের নামে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বর্তমানে বিদ্যালয়ের নামে প্রায় ১০ কাঠার মতো জমি আছে। বাকি জমি দখল হয়ে আছে। স্থানীয় লোকজন জানিয়েছে, এলাকার বাসিন্দা কবীর হোসেন, গোলাম রউফ, বুদ্ধু মিয়া, মুকসেদসহ (মর্তুজা আলীর ছেলে) কয়েকজন দখল করে সেখানে অসংখ্য ছোট ছোট ঘর বানিয়ে সেগুলো ভাড়া দিয়ে টাকা আদায় করছে। দখলদারদের একজন বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। একাধিকবার জমি উদ্ধারের উদ্যোগ নেওয়া হলেও দখলদারেরা ছাড়েনি। দখলদারদের একজন গোলাম রউফ প্রথম আলোকে বলেন ‘সরকারের নিয়ম অনুযায়ী জমি অধিগ্রহণের পর ১২ বছরের মধ্যে যে কাজে অধিগ্রহণ করা হয়েছে, সেটা না করা হলে যাদের জমি তাদের হয়ে যাবে। সে হিসেবে আমি আদালতের আশ্রয় নিয়ে জায়গা দখলে রেখেছি।’আরেকজন দখলদার মো. কবীর হোসেন বলেন, ‘এটি আমাদের পৈতৃক সম্পত্তি, ১৯৫৯ সালে সরকার জমি অধিগ্রহণ করে। তখন আমাদের পুনর্বাসনের জন্য প্লট দেওয়ার কথা ছিল। কিন্তু এখনো প্লট দেয়নি। এ জন্য আমরা এটা দখলে রেখেছি।’ তবে এলাকাবাসী জানিয়েছেন, কবীরদের একটি প্লট দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কবীর হোসেন একপর্যায়ে প্লট পাওয়ার কথা স্বীকার করেন।বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এম এ গণি তালুকদার বলেন, ‘আমি প্রতিষ্ঠাকাল থেকেই বিদ্যালয়টির সঙ্গে জড়িত। আমাদের পক্ষে জায়গা দখল করে সীমানাপ্রাচীর দেওয়া সম্ভব নয়। এ জন্য অনেক টাকার প্রয়োজন। তাই আমরা জমিটি বিদ্যালয়ের দখলে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছি। কয়েকবার সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু কাজ হয়নি।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে মিরপুর থানা শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসীমা হাবিব প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের জমির বিষয়ে একটি প্রতিবেদন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।’স্থানীয় সাংসদ মো. আসলামুল হক প্রথম আলোকে বলেন, ‘অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো উপায়ে হোক এই জায়গা দখলমুক্ত করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে বিদ্যালয়কে বুঝিয়ে দেওয়া হবে।’