বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান
রাজধানীতে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেছে। গতকাল মঙ্গলবার প্রথম দিনে কোতোয়ালি, মোহাম্মদপুর ও মাতুয়াইল এলাকায় তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।এর মধ্যে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে গতকাল দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোহাম্মদপুরের রিং রোড, বেড়ি বাঁধ ও জহুরী মহল্লায় অভিযান চালানো হয়। আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ সময় বিভিন্ন বাড়ির ২৫০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি তারগুলো জব্দ ও অবৈধ সংযোগকারীদের সতর্ক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের নেতৃত্বে অপর ভ্রাম্যমাণ দল পুরান ঢাকার ইসলামপুর রোডে অভিযান চালান। সেখানে বিভিন্ন দোকানপাট, ছাপাখানা ও বাড়ির ১০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মাতুয়াইল এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা বিলকিসের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত। সেখানকার ধার্মিকপাড়া, মাতুয়াইল ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার বাড়ি, কারখানা ও একটি মুরগির খামারের ১৪টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।