বিদ্যুতের দাম ও রেলের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বাম মোর্চার বিক্ষোভ
বিদ্যুতের দাম এবং রেলের ভাড়া বাড়ানোর প্রতিবাদে গতকাল বুধবার সচিবালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। সমাবেশ থেকে মন্ত্রী-উপদেষ্টাদের অপসারণসহ ব্যাংকের টাকা জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারেরও দাবি জানানো হয়।জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তা পল্টন ও দৈনিক বাংলা মোড় ঘুরে সচিবালয়ের দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে। সমাবেশে নেতারা বলেন, হলমার্কের অর্থ কেলেঙ্কারির দায় সরকারকেই নিতে হবে। সরকারের যোগসাজশ ছাড়া এত বড় জালিয়াতির ঘটনা ঘটানোর সাহস ব্যাংক কর্মকর্তাদের হতে পারে না। তাঁরা বলেন, হলমার্কসহ সাম্প্রতিককালে সব ব্যাংক জালিয়াতি এবং দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে জনগণের আদালতে তাঁদের বিচার হবে।সমাবেশে নেতারা রেলের সেবার মান ও দক্ষতা না বাড়িয়ে ৫০ ভাগ ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রেলের ভাড়া জনগণের আয়ের সঙ্গে সংগতিপূর্ণ রেখে রেলকে সত্যিকারের গণপরিবহন হিসেবে গড়ে তুলতে হবে।গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন আবদুস সালাম, সাইফুল হক, মোশরেফা মিশু, মোশররফ হোসেন, আবদুস সাত্তার প্রমুখ।